স্কুলে যাওয়ার পথে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্রী, পাচারের অভিযোগে শান্তিপুর থানার দ্বারস্থ পরিবার

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ মার্চ: স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্রী। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ পাওয়া যায়নি। ওই কিশোরীকে পাচার করে দেওয়ার অভিযোগ পরিবারের। নদিয়ার শান্তিপুর থানার বাবলা সর্দার পাড়া এলাকার ঘটনা।

জানা গেছে, বাবলা গ্রাম পঞ্চায়েতের বাবলা সর্দার পাড়ার বাসিন্দা উত্তম রায়। তার ১২ বছরের মেয়ে অর্পিতা রায় শান্তিপুর শরৎকুমারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতোই গতকাল সে স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু বেলা অতিক্রান্ত করে সন্ধ্যে নেমে আসলেও সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের তরফ থেকে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে অবশেষে থানার দ্বারস্থ হয়। বুধবার ২৪ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

পরিবারের অভিযোগ, শান্তিপুর থানার জোড়াকালি বটতলার বাসিন্দা বুড়ো মন্ডল নিত্যদিন ভাঙ্গরির কাজ নিয়ে ওই এলাকায় যেতেন। ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত বলেও জানা যায়। এর পাশাপাশি পরিবারের দাবি, বিভিন্ন সময় প্রলোভন দেখাত বলে এলাকাবাসী তাদের জানিয়েছে। মেয়ে নিখোঁজ হওয়ার পর অভিযুক্ত ছোট-বুড়ো মন্ডল কেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি, অভিযুক্ত ওই যুবক তাদের নাবালিকা মেয়েকে পাচারের উদ্দেশ্যে কোথাও নিয়ে গিয়েছে। প্রশাসনের দ্বারস্থ হয়ে তারা দাবি তোলেন, অবিলম্বে তাদের মেয়েকে উদ্ধার করার ব্যবস্থা করুক প্রশাসন এবং অভিযুক্তকে কঠোরতম শাস্তি দিক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *