আতঙ্ক নিয়েই বাড়ি ফিরলেন বালুরঘাট থেকে অমরনাথ যাত্রায় যাওয়া সাত বন্ধু, খুশির আবহ পরিবারে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১১ জুলাই: অবশেষে আতঙ্ক নিয়েই বাড়ি ফিরলেন অমরনাথ যাত্রায় গিয়ে আটকে পড়া বালুরঘাটের সাত বন্ধু। রবিবার গভীর রাতে তারা বাড়িতে ফিরে এলেও আকাশ ভাঙা বৃষ্টির সেই আতঙ্ক যেন এখনও তাড়া করছে তাদের। বাড়ি ফিরে এসেই জানালেন পরিবারের লোকেদের। সোমবার সকালেও তাদের চোখেমুখে সেই ভয়াবহতার ছাপ ফুটে ওঠে। তাদের কথায়, যখনই সেই প্রাকৃতিক রোষানলের কথা মনে পড়ছে তখনই যেন তারা শিউরে উঠছেন সকলেই৷ কোনো ভাবেই সেই দৃশ্যের কথা যেন ভুলতে পারছেন না কেউই।

এদিকে গতকাল রাতে ৭ বন্ধু একসাথে বাড়ি ফিরতেই কিছুটা স্বস্তিতে তাদের পরিবার পরিজনেরা। এদিন সকাল থেকে তাদের খোঁজ নিতে ভিড় জমান প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা। তবে তাদের বাড়ির লোকেরা ঘরে ফিরে এলেও যারা এখনো আটকে রয়েছেন বা অসহায় অবস্থায় রয়েছেন তারা যাতে সকলে সুস্থ ও সুরক্ষিত ভাবে বাড়ি ফিরে আসতে পারে সেই কামনা করছেন অমরনাথ যাত্রায় যাওয়া ওই সাত বন্ধুর পরিবারের লোকেরা।

তোতন হালদার ও পুষ্পজিৎ চক্রবর্তীরা বলেন, অমরনাথ থেকে ফেরবার পথেই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েন তারা। চোখের সামনেই অনেকের মৃত্যু দেখেছেন, অনেককে ভেসে যেতে দেখেছেন। আর সেই আতঙ্ক এখনও তাদের তাড়া করছে। নিজেদের জীবন বাঁচিয়ে কিভাবে যে বাড়ি ফিরে আসতে পেরেছেন সেটা যেন কিছুটা স্বপ্নের মত লাগছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *