আমাদের ভারত, ১১ জুন:
নবিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের কারণে বৃহস্পতিবার দফায় দফায় অবরোধ বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার বিস্তীর্ণ এলাকা। পথ অবরোধের পাশাপাশি শুক্রবার রেল অবরোধ হয়। আগুন জালানো হয় বিভিন্ন জায়গায়। ভাঙ্গচুর করা হয় একাধিক এলাকায়। থানাতেও হামলা হয়। ডোমজুড়, ধুলাগড় সহ একাধিক জায়গা অগ্নিগর্ভ হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়েছে উলুবেড়িয়ায় ।
বিভিন্ন জায়গায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই আশঙ্কা করে এবার নিরাপত্তাব্যবস্থা আঁটোসাঁটো করার নির্দেশ দিয়েছে মহকুমা প্রশাসন। ১৫ জুন পর্যন্ত জমায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উলুবেড়িয়া মহকুমায় জাতীয় সড়ক এবং রেলস্টেশনে বিক্ষোভ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। যার জেরে ওই এলাকায় শান্তি বিঘ্নিত হতে পারে তাই মহাকুমা প্রশাসন থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে আগামী ১৫ জুন পর্যন্ত ৫ জন বা তার বেশি সংখ্যক মানুষ জমায়েত করতে পারবেন না।
কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় তার জন্য কড়া পদক্ষেপ করল প্রশাসন। কোনও ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না বলেও বার্তা দেওয়া হয়েছে।

দু’দিন ধরে হাওড়া বিস্তীর্ণ এলাকাজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দফায় দফায় রেল, সড়ক অবরোধের মুখে পড়ে চরম হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। টায়ার জ্বালিয়ে হাওড়া, ডোমজুড়, অঙ্কুরহাটি কাছে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। ওই জাতীয় সড়ক দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সংযোগকারী অন্যতম চৌরাস্তা। ফলে গোটা এলাকার পাশাপাশি দক্ষিণবঙ্গে হাওড়ার পার্শ্ববর্তী জেলাগুলিতেও যানজটের প্রভাব পড়ে। বৃহস্পতিবার বিকেলের পরও অবরোধে ওঠেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক ডেকে অবরোধকারীদের হাতজোড় করে অনুরোধ করেন রাস্তা ছেড়ে দিতে। কিন্তু তারপরও অবরোধ-বিক্ষোভ চলে।

শুক্রবার চেঙ্গাইলে রেল অবরোধের জেরে হাওড়া–খড়গপুর শাখায় দীর্ঘক্ষন বন্ধ ছিল ট্রেন চলাচল। উলুবেড়িয়ার মনসা তলায় বিজেপি গ্রামীণ অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙ্গচুর লুটপাট করা হয় বলে অভিযোগ করা হয়েছে। দফায় দফায় অবরোধ করে বিক্ষোভকারীরা। পরে ডোমজুড় থানাতে হামলা চালানো হয় বলে অভিযোগ।
ধুলাগড়ে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি হয় অবরোধকারীদের। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ ওঠে।
হাওড়ার বিস্তীর্ণ এলাকার উত্তপ্ত পরিস্থিতি দিকে নজর রেখে শুক্রবার নবান্নের তরফে সোমবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

