মিড-ডে মিলের রন্ধন কর্মীদের দাবি নিয়ে সরব হল অল ইন্ডিয়া শ্রমিক স্বরাজ কেন্দ্র

আমাদের ভারত, ১১ জুন: অল ইন্ডিয়া শ্রমিক স্বরাজ কেন্দ্রর অধিভুক্ত সংগঠন পশ্চিমবঙ্গ মিড-ডে মিল রাঁধুনি সমিতি শুক্রবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-২ ব্লকের কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হয়ে একটি সমাবেশ সংগঠিত করে। স্থানীয় কর্মীদের উপস্থিতিতে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি শম্ভু লাল রায়, গোয়ালপোখর-১ ব্লক সভাপতি নমিতা মন্ডল, গোয়ালপোখর-২ ব্লক সভাপতি অরুনা খাতুন প্রমুখ। সমাবেশ শেষে গোয়ালপোখর-২ বিডিও কে দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।

রন্ধন কর্মীদের নিয়মিত ভাতা প্রদান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অ্যাকাঊন্টের পরিবর্তে সরাসরি কর্মীদের অ্যাকাউন্টে ভাতা প্রদান ইত্যাদি দাবি করা হয়। অল ইন্ডিয়া শ্রমিক স্বরাজ কেন্দ্রের রাজ্য সম্পাদক ভোলা প্রসাদ যাদব বলেছেন: “মিড-ডে মিল রাঁধুনি কর্মীদের ভাতা বাড়ানো, নিয়মিত ভাতা প্রদান, অন্যান্য সামাজিক সুরক্ষার বিষয়গুলি নিয়ে আমরা বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়ে যাচ্ছি। গত ৭ জুন যুক্ত মঞ্চের মাধ্যমে ধর্মতলার ওয়াই চ্যানেলের সমাবেশে দাবি দাওয়া তুলে ধরা হয়েছে। জেলাস্তরেও আন্দোলন চলছে। কিন্তু সরকারের ঘুম ভাঙছে না। এখন বৃহত্তর আন্দোলনে যাওয়া ছাড়া পথ নেই। অচিরেই রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *