পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে সুপ্রিম কোর্টের নোটিশ রাজ্য সরকারকে

আমাদের ভারত, ২৫ মে:একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বেশ কিছুদিন কেটে গেছে, কিন্তু জেলায় জেলায় এখনো ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এই বিষয়ে এবার রাজ্যকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নোটিশ দেওয়া হয়েছে। রাজ্য ছাড়াও নোটিস পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকার–কেও।

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিট গঠন করে তদন্তের আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল শীর্ষ আদালতে। সেই মামলায় মঙ্গলবার রাজ্য ও কেন্দ্র উভয়কেই নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৭ জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই মামলায় জাতীয় মানবাধিকার কমিশন, মহিলা কমিশন ও তফশীল জাতি উপজাতি কমিশনকে পার্টি হিসেবে যুক্ত করার আবেদন জানিয়েছেন আবেদনকারীদের পক্ষের আইনজীবীর পিংকি আনন্দ।

মঙ্গলবার বিচারপতি বিনীত সারেন এবং বি আর গাবাইয়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। শুনানির পর শীর্ষ আদালত কেন্দ্র-রাজ্য উভয়কে নোটিশ দিয়েছে। ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের এসেছিল জাতীয় মহিলা কমিশন, তপশিলী জাতি উপজাতি কমিশনের প্রতিনিধিরা। আইনজীবী পিংকি আনন্দের দাবি মহিলা কমিশনের প্রতিনিধিরা হিংসা কবলিত মহিলাদের পরিস্থিতি জানেন। আদালত তাদের কাছ থেকে রিপোর্ট নিক। তাহলে ওইসব আক্রান্তদের সাহায্য করতে সুবিধে হবে।

এই জনস্বার্থ মামলাকারীরা হলেন সমাজকর্মী অরুণ মুখোপাধ্যায়, দেবযানী হালদার, আইনজীবী পারমিতা দে, ভুপেন হালদার এবং হিংসার শিকার হয়েছেন বলে দাবি করা প্রশান্ত দাস।

1 thoughts on “পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে সুপ্রিম কোর্টের নোটিশ রাজ্য সরকারকে

Leave a Reply to Bikram Mandal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *