বিশেষ প্রতিনিধি, কলকাতা, ২৮ অক্টোবর: নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে ২৩- শে জানুয়ারি বাংলায় সভার প্রস্তুতি আরএসএসের। আগামী ২০২৩ সালে শহিদ মিনারে সঙ্ঘপ্রধান মোহন ভাগবত একটি সভা করার পরিকল্পনা নিয়েছে বলে কেশব ভবন সূত্রের খবর। ২৩ জানুয়ারি সভা করার জন্য সেনার দপ্তরে অনুমতি চেয়েছে সংঘ পরিবার। সূত্রের খবর সেই অনুমতি ইতিমধ্যে পেয়েছে কেশব ভবন।
বাংলায় সংঘের প্রভাব বেড়েছে। বেড়েছে সংঘের দৈন্দিন শাখা। এমন অবস্থায় বাঙালি মনীষীদের নিয়ে কাজ করে বাংলায় জাতীয়তাবাদের উত্থান চায় সংঘ পরিবার। শুধু কি নেতাজি সুভাষচন্দ্র বসু? একেবারেই না। আগামী দিনের রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে সংঘ কাজ করতে চায়। প্রসঙ্গত সংঘের আদর্শে বিশ্বাসী বিজেপি এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়ের মতো মনীষীদের নাম বারবার উচ্চারণ করে। বিশেষ করে বিজেপির কেন্দ্রীয় নেতারা তাদের স্মরণ করেন। এমন অবস্থায় এবার সুভাষ চন্দ্র বসুর জন্মদিন বড় করে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সংঘ পরিবার।
লোকসভা ভোটের ঠিক এক বছর আগে শহীদ মিনারে বৃহৎ কর্মসূচি নিচ্ছে কেশব ভবন। সূত্রের খবর আগামী বছর ১৯ – শে জানুয়ারি কলকাতায় চলে আসবেন সঙ্ঘ চালক মোহন ভাগবত। তিনি ২৪- শে জানুয়ারি পর্যন্ত কলকাতায় থাকবেন। ৬- দিনের বঙ্গ সফরে সাংগঠনিক বৈঠক করবেন। যদিও বিষয়টি নিয়ে কেশব ভবন থেকে এখনো সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷

