আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ জুন: করোনা আবহে প্রাথমিক স্কুল বন্ধ প্রায় ১৬ মাস। ঘরে বসে বেতন নিতে খারাপই লাগছিল তমলুকের আলাশুলি গোরাচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ ভৌমিকের। বাড়ির আশেপাশে যে যখন বিপদে পড়েছেন, সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিয়েছেন। এবার কোভিড আক্রান্তদের পাশে থাকতে তার এক মাসের বেতনের ৫০ হাজার টাকা কোভিড চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজির হাত দিয়ে। সেই সঙ্গে দিলেন ১০টি অক্সিমিটারও।

অরূপ বাবুর দাবি, বিবেকের তাড়নায় এই অতিমারিতে তিনি কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে এই পদক্ষেপ নিয়েছেন। তাঁর এই পদক্ষেপে খুশি জেলা শাসক।জেলাশাসকও চাইছেন, এই অতিমারির সময় আরও কেউ যদি এগিয়ে আসেন তাহলে ভালো হয়।


