আমাদের ভারত, হাওড়া, ১ ডিসেম্বর: রাস্তাঘাটে দুর্ঘটনা কমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যেগে গত কয়েক বছর ধরে রাজ্য জুড়ে পালিত হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। সেইমত বুধবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যেগে উলুবেড়িয়ায় পালিত হল এই কর্মসূচি।
এদিন উলুবেড়িয়া নরেন্দ্র মোড়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, ডিআইজি পশ্চিম রেঞ্জ শীশরাম ঝাঝারিয়া, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া পুরসভার মুখ্য প্রশাসক অভয় দাস সহ অন্যান্যরা।
এদিনের এই অনুষ্ঠান থেকে কয়েকজন বাইক আরোহীর হাতে হেলমেট তুলে দেন মন্ত্রী পুলক রায় এবং ডিআইজি পশ্চিম রেঞ্জ শীশরাম ঝাঝারিয়া। দুজন পথ বন্ধুর হাতে গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি দুজন পুলিশ কর্মীকে সম্মান জানানো হয়। পরে পথ নিরাপত্তা সচেতনতায় একটি র্যালির সূচনা করেন মন্ত্রী পুলক রায়। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সূত্রে খবর বুধবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত চলবে।

