পুরোনো জায়গায় ফের হাট বসানোর দবিতে পথ অবরোধ ইটাহারে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৮ নভেম্বর: পুরোনো হাট পুনরায় বসার দবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের কুলাইতোড় এলাকায়। ওই এলাকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

তাদের দাবি, কুলাইতোড় এলাকায় দীর্ঘদিন ধরে ইটাহার-বালুরঘাট রাজ্য সড়কের ধারে সরকারি জমিতে হাট বসত৷ সেই হাটেই কেনাবেচা করতেন স্থানীয় বাসিন্দারা৷ কিন্তু করোনার প্রথম ঢেউয়ের সময় লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রাখতে কুলাইতোড় হাট স্থনান্তরিত করা হয়েছিল প্রায় এক কিমি দূরে রানীপুর এলাকার এক ব্যক্তির জমিতে। প্রায় এক বছর ধরে হাটটি দূরবর্তী স্থানে বসায় তীব্র সমস্যায় পড়তে হচ্ছে হাট ব্যবসায়ী থেকে শুরু করে গ্রামবাসীদেরও। এনিয়ে একাধিকবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন ও পুলিশকে জানানো হলেও হাট পুরনো স্থানে ফেরানো হয়নি। তার জেরেই হাট আগের জায়গায় ফেরানোর দাবিতে সোমবার রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা৷

কেন হাট পুরনো জমিতে ফেরানো হবে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা৷ এদিকে অবরোধ তুলতে ঘটনাস্থলে যায় ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী৷ খবর পেয়ে সেখানে ছুটে যান পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনন্দ সরকার। গ্রামবাসীদের বুঝিয়ে পরে অবরোধ মুক্ত করা হয় রাজ্য সড়ক। এব্যাপারে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে আনন্দবাবু বলেন, হাটটি আগের জমিতে ফেরানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *