কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই:
“পৌর প্রশাসক যদি কোনও সমস্যার সমাধান না করতে পারেন, তাহলে পদত্যাগ করুন, ওই চেয়ারে বসার নৈতিক অধিকার তাঁর নেই।” ঘাটালের ১৬ নম্বর ওয়ার্ডে বৃষ্টির জলে প্লাবিত এলাকা পরিদর্শন করতে গিয়ে বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেস পরিচালিত পুর প্রশাসকের বিরুদ্ধে এই ভাষায় আক্রমণ শানালেন।
শুক্রবার ১৬ নম্বর ওয়ার্ডে বৃষ্টির জমা জলে বিভিন্ন প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন ঘাটাল বিধানসভায় বিজেপির বিধায়ক শীতল কপাট। সাথে ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাম কুমার দে।
বিধায়ক শীতল বাবু বলেন, ১৬ নম্বর ওয়ার্ডে বন্যা হয়নি। বৃষ্টির জলে এলাকা প্লাবিত হয়েছে। গত দশ বছরে তৃণমূল পরিচালিত পৌরবোর্ড উন্নয়নের নামে কাটমানি খেয়েছে বলে অভিযোগ করেন শীতলবাবু। তিনি বলেন, যেহেতু ঘাটালে বিজেপি জিতেছে, তাই রাজনৈতিক কারণে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল ইচ্ছে করে সমস্যাকে টিকিয়ে রাখছে। আমরা সমস্ত বিষয় মহকুমা শাসক এবং জেলাশাসককে জানাবো। আমরা অবিলম্বে নিকাশি ব্যবস্থা সংস্কারের দাবি করছি।
বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাম কুমার দে বলেন, যেহেতু বিজেপি ঘাটাল বিধানসভায় জিতেছে তৃণমূল কংগ্রেস এবং ঘাটাল পুরসভার প্রশাসক সহ তৃণমূল নেতারা হীনমন্যতায় ভুগছে। সাধারণত বন্যা হলে এলাকা প্লাবিত হয় কিংবা বাঁধ ভাঙ্গলে তবেই বন্যা হয়। কিন্তু বন্যা না হয়ে এলাকা প্লাবিত হয়েছে।এককথায় এটা নজির বিহীন ঘটনা। তিনি বলেন, পুর প্রশাসক যদি কিছু করতে না পারেন তিনি পদত্যাগ করুন, তারপর আমরা বুঝে নেব কি করতে হবে।

