মনে রাখবেন দিদি পাবলিক সব দেখছেন, নিশীথ প্রামানিকের মিছিলে বোমাবাজির ঘটনায় সরব সুকান্ত

আমাদের ভারত,‌ ২৫ ফেব্রুয়ারি: আজ শনিবার কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামানিক‌ মিছিল বের করেন। ‌সেই মিছিল ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটলো কোচবিহারের দিনহাটার অন্তর্গত বুড়িরহাট এলাকায়। অভিযোগ, বিজেপির মিছিলকে লক্ষ্য করে গুলি ও বোমা চালানো হয়েছে।‌ এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি টুইটারে বিজেপির মিছিলে হামলার একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, মনে রাখবেন দিদি পাবলিক সব দেখছে।

ঘটনার পর ক্ষুব্ধ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, যদি ক্ষমতা থাকে বুকে গুলি চালাক। তিনি বলেন, “ওরা প্রাণে মেরে ফেলতে চাইছে। রাজনৈতিক ভাবে ওরা দেউলিয়া হয়ে গেছে। লড়াই করে পারছে না, তাই প্রাণে মারার চেষ্টা করছে। এই অন্যায়ের অবসান আমরা ঘটাবো।”

কেন্দ্রীয় মন্ত্রীর আজ জনসংযোগ কর্মসূচি ছিল। সেখানেই চলে গুলি ও বোমা। মুহূর্তে ওই জনবহুল এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। কোচবিহারের ঘটনায় রাজ্য রাজনীতি সরগরম। বিজেপির রাজ্য সভাপতি বলেন, তৃণমূল কংগ্রেস গোটা কোচবিহারকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। টুইটারে টুইট করে তিনি লিখেছেন, তৃণমূলের সরকারের ছত্রছায়ায় থাকা গুন্ডাবাহিনীর এইসব নিত্তনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।মুখ্যমন্ত্রীর উদ্দ্যেশ্যে তাঁর হুঁশিয়ারি, মানুষ কিন্তু সব কিছু দেখছে।

কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা বলয় টপকে কিভাবে এই হামলা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। নিশীথ প্রামানিক জানিয়েছেন, এই ঘটনার সরাসরি রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।

জানাগেছে, নিশীথ প্রমানিক কর্মসূচিতে যোগ দিতে যখন এলাকায় আসেন তখনই তাকে কালো পতাকা দেখানো হয়। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাথর ছোড়া হয় বিজেপি কর্মীদের লক্ষ্য করে। পরে পুলিশ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেয়। জনবহুল এলাকাতে শোনা গেছে বোমা ও গুলির আওয়াজ।

নিশীথ প্রামানিক জানিয়েছেন, “আগে থেকেই আমাদের উপর হামলার ছক করা হয়েছিল। পুলিশ আমাদের নিরাপত্তা দেওয়ার বদলে ব্যারিকেট তৈরি করেছিল
হামলাকারীদের বাঁচাতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *