বগটুই গ্রামে কেন্দ্রীয় অনুসন্ধান কমিটি, কথা বললেন মিহিলাল শেখ ও তার আত্মীয়দের সঙ্গে

আশিস মণ্ডল, আমাদের ভারত, ২৫ ফেব্রুয়ারি: বগটুই গ্রামে পৌঁছলেন কেন্দ্রীয় অনুসন্ধান কমিটির ছয় সদস্যের প্রতিনিধি দল। শনিবার দুপুরে তারা রামপুরহাটের বগটুই গ্রামে আসেন। কথা বলেন গণহত্যায় স্বজনহারা মিহিলাল শেখ ও তার আত্মীয়দের সঙ্গে।

শুক্রবার বোলপুরে আসেন কেন্দ্রীয় অনুসন্ধান কমিটির সদস্যরা। শনিবার প্রথমে সিউড়িতে বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে পৌঁছয়। দলে রয়েছেন পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিমা রেড্ডির নেতৃত্বে ছয় সদস্যের একটি দল। ব্যাঙ্কের ভুয়ো অ্যসকাউন্ট তৈরি এবং কোটি কোটি টাকা লেনদেনর বিষয় গুলি সরেজমিনে খতিয়ে দেখতে যান তারা। কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকায় তারা সোজা চলে আসেন রামপুরহাটের বগটুই গ্রামে। ২০২২ সালের ২১ মার্চ রাতে খুন হন তৃণমূল নেতা ভাদু শেখ। তার বদলা নিয়ে বাড়িতে অগ্নি সংযোগ করা হয়। আগুনে পুড়ে দশ জন মহিলা ও শিশুর মৃত্যু হয়। সেই ঘটনার অনুসন্ধান করতেই এদিন কেন্দ্রীয় অনুসন্ধান কমিটির সদস্যরা গ্রামে যান। কথা বলেন মিহিলাল শেখের সঙ্গে। মিহিলাল ভয়াবহ দিনের কথা জানান কেন্দ্রীয় কমিটির কাছে।

নরসিমা রেড্ডি বলেন, “এখানে যা ঘটেছে সেটা কল্পনার অতীত। ভাবতে পারছি না। এমন নৃশংস ঘটনা ঘটতে পারে। মহিলা, শিশু, বৃদ্ধাদের জীবন্ত পুড়িয়ে মেরেছে দুষ্কৃতীরা। পুলিশের যোগসাজশ ছাড়া এমন নৃশংস হত্যা হতে পারে না। আমরা রিপোর্ট তৈরি করে নির্দিষ্ট জায়গায় জমা দেব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *