আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুর্গাপুরে চিকিৎসক, সাংবাদিক, সমাজকর্মীদের কোভিড যোদ্ধা হিসাবে সম্বর্ধনা

জয় লাহা, দুর্গাপুর, ২১ ফেব্রুয়ারি: নানান অনুষ্ঠান ও প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল দুর্গাপুর শিল্পাঞ্চল সংলগ্ন বস্তি কল্যাণ সমিতি। সোমবার দুর্গাপুর পুরসভার ১ নং ওয়ার্ড রঘুনাথপুরে সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এদিন সকালে এলাকার পড়ুয়াদের নিয়ে প্রভাতফেরি করা হয়। তার পর হয় বসে আঁকো প্রতিযোগিতা। মোট তিনটি বিভাগের ওই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের পুরস্কৃত করা হয়।

একই সঙ্গে এদিন সংগঠনের পক্ষে এলাকার চিকিৎসক, সাংবাদিক, সমাজকর্মীদের কোভিড যোদ্ধা হিসাবে সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ্ উজ্জ্বল সরকার, স্থানীয় কাউন্সিলার শিপ্রা সরকার, সমাজকর্মী ইশমাতারা খাতুন, কোভ্যাক্সিন ট্রায়ালে প্রথম বাঙ্গালি অংশগ্রহণকারী চিরঞ্জীত ধীবর প্রমুখ।

এদিন বক্তব্যে উজ্জ্বলবাবু মাতৃভাষা আন্দোলন সম্পর্কে উপস্থাপনা করেন। এবং একই সঙ্গে তিনি বলেন,”বিকৃত বাংলা ভাষার উচ্চারণ করা হলে, বাংলা ভাষার মর্যদাকে লঙ্ঘিত করা হয়।” সমাজকর্মী ইশমাতারা খাতুন তার অভিজ্ঞতা থেকে প্রশ্ন তুলে বলেন, “পশ্চিমবঙ্গে বাংলা ভাষা আজ কোন পথে? বেশকিছু ব্যাঙ্ক, অফিসের আধিকারিকরা বাংলা ভাষা জানেন না। ফলে সেখানে ভাষার কারণে অনেক সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। তাই ওইসব অফিসে ত্রিভাষি সুত্র বাস্তবায়িত হওয়া উচিত। অবশ্যই ওইসব অফিসে বাংলা ভাষার মর্যাদা দেওয়া দরকার।”

উদ্যোক্তদের পক্ষে কৃষ্ণ মাল বলেন, “গত দু’বছর ধরে কোভিড আবহে চিকিৎসক, সমাজকর্মী, সাংবাদিকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। তাই চিকিৎসক, সাংবাদিক ও সমাজকর্মীদের এদিন কোভিডঃযোদ্ধা হিসাবে সম্বর্ধনা দেওয়া হল।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *