Rashmi Group, প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা ও পরিবেশগত স্থায়িত্বকে শক্তিশালী করতে আইআইটি খড়্গপুরের সঙ্গে অংশীদারিত্বে রেশমি গ্রুপ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ নভেম্বর: রেশমি গ্রুপ তাদের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) বা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজিত দুটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ও গবেষণামূলক কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে শিক্ষা, গবেষণা, পরিবেশগত স্থায়িত্ব এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার আরও একবার দৃঢ়ভাবে তুলে ধরেছে রেশমি গ্রুপ।

সম্প্রতি সফলভাবে সম্পন্ন হওয়া এই দুটি কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষাবিদ, গবেষক, বিশেষজ্ঞ এবং সরকারি প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

প্রথম কর্মসূচিটি ছিল দু’দিনের একটি কর্মশালা, যার শিরোনাম ছিল “নীতি থেকে বাস্তব প্রয়োগ: কার্যকরভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি বাস্তবায়নে নগর স্থানীয় সংস্থাগুলিকে (ULBs) সহায়তা”। ২০২৬ সালের ১৭ ও ১৮ নভেম্বর কলকাতার নিউ টাউনে অবস্থিত আইআইটি খড়্গপুর রিসার্চ পার্কের রাজাহাট ক্যাম্পাসে আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালাটি আয়োজন করেন আইআইটি খড়্গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ব্রজেশ কুমার দুবে এবং রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল- এর অধ্যাপক উদয় শঙ্কর। অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই সময় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এই কর্মশালার মূল লক্ষ্য ছিল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি কার্যকর করার ক্ষেত্রে নগর স্থানীয় সংস্থাগুলির সামনে থাকা বাস্তব সমস্যাগুলি চিহ্নিত করা এবং সেগুলির সমাধানে কার্যকর, পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী উপায় নিয়ে আলোচনা করা। জ্ঞান বিনিময় এবং বিভিন্ন অংশীদারের মধ্যে সহযোগিতার মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার পথ সুগম করাই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

দ্বিতীয় কর্মসূচিটি ছিল চার দিনব্যাপী একটি জাতীয় কর্মশালা, যার বিষয়বস্তু ছিল “হাইড্রলিক্স ও উপকূলীয় প্রকৌশলে CFD মডেলিংয়ের অগ্রগতি”। ২০২৬ সালের ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আইআইটি খড়্গপুরে প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়।

আইআইটি খড়্গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মহম্মদ সৌদ আফজল এই কর্মশালাটির আয়োজন করেন। দেশের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত ২৫ জন পিএইচডি গবেষক এবং কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে থাকা শিক্ষক এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা ANSYS Fluent, OpenFOAM এবং REEF3D- এর মতো উন্নত Computational Fluid Dynamics (CFD) সফটওয়্যারের ব্যবহারিক প্রশিক্ষণ লাভ করেন। পাশাপাশি বিভিন্ন বাস্তবভিত্তিক কেস স্টাডি এবং বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে একটি শিক্ষামূলক ক্ষেত্র পরিদর্শনেরও ব্যবস্থা করা হয়।

এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল হাইড্রলিক্স ও উপকূলীয় প্রকৌশল ক্ষেত্রে তরুণ গবেষকদের গবেষণার দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং পেশাগত সম্ভাবনাকে আরও উন্নত করা।

এই ধরনের উদ্যোগের মাধ্যমে রেশমি গ্রুপ আবারও প্রমাণ করেছে যে, অর্থনৈতিক সহায়তার মধ্যেই প্রকৃত CSR- এর দায়বদ্ধতা সীমাবদ্ধ নয়। বরং এর মাধ্যমে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, নতুন প্রতিভার বিকাশ ঘটানো, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং দীর্ঘমেয়াদি সামাজিক ও পরিবেশগত মূল্য সৃষ্টি করাই প্রকৃত সামাজিক দায়বদ্ধতার লক্ষ্য।

এই প্রসঙ্গে রেশমি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী বলেন, “আমাদের CSR উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে রাশমি গ্রুপ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পক্ষেত্রের মধ্যে সহযোগিতামূলক উদ্যোগ, যা প্রতিষ্ঠানকে শক্তিশালী করে, নতুন প্রতিভাকে বিকশিত করে এবং দীর্ঘমেয়াদি সামাজিক ও পরিবেশগত মূল্য সৃষ্টি করে, সেগুলিকে আমরা সর্বদা সমর্থন করে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *