সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ আগস্ট: বক্স বাজিয়ে শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুই পাড়ার ছেলেদের মধ্যে মারামারিতে রণক্ষেত্র হয়ে ওঠে বাকুঁড়ার গোপীনাথপুর।
স্হানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে শুশুনিয়া থেকে বাঁকে করে জল নিয়ে এসে এক্তেশ্বর শিবমন্দিরে ঢালার জন্য একদল যুবক বক্স বাজিয়ে রাস্তা পার হওয়ার সময় গোপীনাথপুরে ঝামেলা বেধে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে গোপীনাথপুরের নামো পাড়া ও উপর পাড়ার মধ্যে তুমুল মারামারি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনায় পুলিশ আট জনকে গ্ৰেপ্তার করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও গতরাতে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় মারামারি। গোপীনাথপুর তন্তুবায় সমিতির দুর্গামন্দির সহ বেশ কয়েকটি দোকান ভাঙ্গচুর করা হয়।
আজ সকালে স্হানীয় বাসিন্দারা দুর্গামন্দির ভাঙ্গচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনায় দোষীদের শাস্তির ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে প্রায় পাঁচ শতাধিক মানুষের স্বাক্ষরিত এক স্মারকলিপি জমা দিতে একদল জনতা সদর থানার সামনে হাজির হন।
গোপীনাথপুর তন্তুবায় দুর্গামন্দিরের সম্পাদক দুর্গাদাস লৌহ বলেন, গোপীনাথপুরের সমস্ত তন্তবায় সম্প্রদায়ের এই দুর্গা মন্দির। এই মন্দিরে হামলায় সকলেই মর্মাহত। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং দোষীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

