আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৮ আগস্ট: আজ ঝাড়গ্রামে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এদিন দুপুর ৩টে ৫৫ মিনিট নাগাদ ঝাড়গ্রামে এসে পৌঁছোন মুখ্যমন্ত্রী।

ঝাড়গ্রামে আসার পথে গড়শালবনী এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দেখে মুখ্যমন্ত্রী তাঁর গাড়ি থামিয়ে নেমে পড়েন। গড় শালবনী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাদের পড়াশোনা কেমন হচ্ছে সেই প্রসঙ্গেও জিজ্ঞাসা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে তিনি জানতে চান এখান থেকে হাইস্কুলের দূরত্ব কত? প্রাথমিক বিদ্যালয় পাশ করার পর তাদের হাইস্কুলে যেতে কোনো সমস্যা হয় কিনা? উত্তরে প্রধান শিক্ষক বলেন, মাত্র ২ কিলোমিটারের মধ্যে দুটো হাইস্কুল রয়েছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মন দিয়ে পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার কথা বলেন মুখ্যমন্ত্রী।

গড়শালবনীর পর ঝাড়গ্রাম শহরে ঢোকার মুখে ঝাড়গ্রাম সারাদাপীঠ কন্যা গুরকুল হাই স্কুলে দাঁড়ান। সেখানে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানান বিদ্যালয়ের শিক্ষিকা এবং ছাত্রীরা। বিদ্যালয়ের শিক্ষিকা এবং ছাত্রীদের গান শোনেন মুখ্যমন্ত্রী। তারপরে সেখান থেকে তিনি বেরিয়ে ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেন। ঝাড়গ্রাম ট্যুরিস্ট কমপ্লেক্সে রাত্রিযাপন করবেন মুখ্যমন্ত্রী। বুধবার আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ঝাড়গ্রাম স্টেডিয়ামে।

প্রশাসন সূত্রে জানাগিয়েছে, আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সমাজের গুণীজনদের সংবর্ধনা জানাবেন মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *