কৃষি ও গ্রামীণ ব্যাঙ্কের সেরার শিরোপা পেল রামপুরহাট

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ২৬ সেপ্টেম্বর: লেনদেনের রেকর্ড গড়ে কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের প্রথম স্থানের শিরোপা ছিনিয়ে নিল বীরভূমের রামপুরহাট। রাজ্য কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের শীর্ষ কর্তাদের পর্যবেক্ষণে এই শিরোপা পেয়েছে রামপুরহাট ব্যাঙ্কের পরিচালন সমিতি। রবিবার দুপুরে ৪১ তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন রামপুরহাট কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের লিমিটেডের চেয়ারম্যান ত্রিদিব ভট্টাচার্য।

দীর্ঘদিন প্রথমে বাম এবং পরে কংগ্রেসের হাতে থাকা রামপুরহাট কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্ক ২০১৭ সালে দখল করে তৃণমূল। ক্ষমতায় আসার পরেই ধীরে ধীরে ব্যাঙ্কের উন্নয়ন শুরু হয়। ব্যাঙ্কের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে ২০১৭ সালে ব্যাঙ্কের সদস্য সংখ্যা ছিল ৮৩৪৭ জন। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১১০১৬ তে। ক্ষমতায় আসার আগে ৭ কোটি ৯২ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছিল। বর্তমানে ঋণ দানের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ কোটি টাকা। ঋণ আদায়ের ক্ষেত্রেও ২৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এক সময় অনাদায়ি ঋণের পরিমাণ ছিল ২২.৫০ শতাংশ। এখন তা কমে দাঁড়িয়েছে ১০.৫০ শতাংশতে। ২০২০-২১ আর্থিক বর্ষে ২৮ কোটি ১৫ লক্ষ ৬৮ হাজার টাকা ঋণ মঞ্জুর করা হয়েছে। ত্রিদিববাবু বলেন, “রাজ্যে ২৪ টি ব্যাঙ্কের মধ্যে আমরাই সেরা। আগামী দিনে এই ব্যাঙ্কের শ্রীবৃদ্ধি ঘটাতে আমরা ‘ডেইলি ডিপোজিট’ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছি। প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘লক্ষ্মীশ্রী সঞ্চয় প্রকল্প’। প্রাথমিক ভাবে রামপুরহাট, তারাপীঠ এবং নলহাটিতে ডেইলি ডিপোজিট প্রকল্প চালু করা হবে। সাফল্য পেলে সমস্ত শাখাতেই এই প্রকল্প চালু করা হবে”।

ব্যাঙ্কের সিইও নৈমুর রহমান বলেন, “আমাদের এই সাফল্য এসেছে ব্যাঙ্কের সমস্ত স্তরের কর্মী এবং পরিচালন সমিতির দক্ষ পরিচালনায়। আমরা চাইব বেকার তরুণ তরুণীরা আমাদের ব্যাঙ্ক থেকে নিয়ম মেনে ঋণ নিয়ে স্বাবলম্বী হোন। কারণ সবাই চাকরি পাবেন না। তাঁরা ক্ষুদ্র ঋণ নিয়ে ব্যবসা করে স্বাবলম্বী হোন”।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা এআরসিএস কৃষ্ণকান্ত সরকার, রামপুরহাট ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান আবু জাহের রানা সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *