অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২১এপ্রিল:
দেশ এবং রাজ্যব্যাপী করোনা মহামারির বাড়বাড়ন্তের কথা বিবেচনা করে বুধবার গোপীবল্লভপুর রাম নবমী উদযাপন কমিটির পক্ষ থেকে সারাদিন হল পুজো পাঠ। এদিন কমিটির পক্ষ থেকে ছাতিনাশোল, গোপীবল্লভপুর সহ মোট পাঁচটি হনুমান মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি প্রসাদ বিতরণ করা হয়।

কমিটির পক্ষ থেকে সমাজসেবী স্বপন রথ জানান, বড় আয়োজন করার ইচ্ছা থাকলেও করোনা মহামারির কথা বিবেচনা করে গোপীবল্লভপুরের সবকটি হনুমান মন্দিরে ধ্বজা উত্তোলন এবং পুজো পুরো স্বাস্থ্য বিধি মেনে করা হচ্ছে। সঙ্গে স্বপনবাবু জানান, প্রতিটি ভক্ত পুজো দিতে আসার সময় মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে এবং আগামী দিনে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে কমিটির পক্ষ থেকে। এদিন গোপীবল্লভপুরের সবকটি মন্দিরে রামনবমীর পুজোর নেতৃত্ব দেন কমিটির সদস্য সুমন্ত মহান্তি, দেবপ্রকাশ দাস প্রমুখ।


