“আমারকার ভাষা আমারকার গর্ব” ফেসবুক গ্রুপের উদ্যোগে রাখি বন্ধন উৎসব সুবর্ণরেখা নদীতে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ আগস্ট: সুবর্ণরেখা নদীকে রাখি পরানোর মধ্যে দিয়ে রাখি বন্ধন উৎসবের সূচনা করল সুবর্ণরৈখিক ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব”। রবিবার ফেসবুক গ্রুপের অ্যাডমিন বিশ্বজিৎ পাল সহ বেশকিছু সদস্য গোপীবল্লভপুরের সিধু কানু বিরসা সেতুর নিচে সুবর্ণরেখা নদীতে কলার ভেলায় রাখি বেঁধে নদীর জলে ভাসিয়ে রাখি উৎসবের সূচনা করেন। তারপর গ্রুপের সদস্যরা গোপীবল্লভপুর বাজারের বুকে সাধারণ পথ চলতি সমস্ত ধর্মের মানুষের হাতে রাখি পরিয়ে মৈত্রীর বার্তা দেন। সঙ্গে গ্রুপের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার মানুষের ভাষা ও সংস্কৃতি চর্চার উদ্যেশ্যে গড়ে উঠেছে সুবর্ণরৈখিক ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ ‘আমারকার ভাষা আমারকার গর্ব’। গ্রুপের পক্ষ থেকে নিয়মিত সুবর্ণরৈখিক সংস্কৃতি চর্চার উদ্যোগ নেওয়া হয়ে থাকে। সেই অনুযায়ী এদিন রাখি পূর্ণিমা তথা স্থানীয় ভাষায় “গমহা পুনেই” পালনের উদ্যোগ নেন সদস্যরা।

অ্যাডমিন বিশ্বজিৎ পাল জানান, এই গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা ১৫ হাজার। তাই সদস্যরা শুধুমাত্র সুবর্ণরেখা নদীতে রাখিবন্ধন উৎসব করে থেমে থাকেনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের সদস্যরা নদী তীরবর্তী এলাকায় বিভিন্ন জায়গায় আজ রাখি পূর্ণিমা তথা গমহা পুনেই পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *