সাথী দাস, পুরুলিয়া, ৮ জুলাই: মোদী জমানায় ভারতীয় রেলের যাত্রী পরিষেবা ও সুযোগ সুবিধা জানতে একটি বিশেষ দল আদ্রা ডিভিশনের বিভিন্ন স্টেশন পরিদর্শন করল। ভারতীয় রেল বোর্ডের পাঁচ সদস্য দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের বিভিন্ন স্টেশন পরিদর্শন করে যাত্রীদের অভাব অভিযোগও খতিয়ে দেখলেন।
দলীয় দুই কার্যকর্তাকে সঙ্গে নিয়ে বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙা পুরুলিয়া স্টেশনে ওই দলের সঙ্গে ছিলেন। স্টেশনে পানীয় জলের ব্যবস্থা, খাবার দোকান সহ যাত্রী পরিষেবা ও সুরক্ষার ব্যাপারেও একাধিক যাত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলেন পাঁচ সদস্যের রেল বোর্ডের দলটি। স্টেশনের মধ্যে থাকা খাবারের দোকানগুলিতে গিয়ে খাবারের গুনগত মানও পরীক্ষা করেন তাঁরা।

বোর্ডের এক সদস্য জানান ভারতীয় রেল বোর্ডের পক্ষ থেকে দেশের সমস্ত রেল স্টেশন পরিদর্শন করে রেল বোর্ডের কাছে একটি রিপোর্ট জমা করা হবে। পাশাপাশি তাঁরা আরও জানান, করোনা মহামারীর সময় যে সমস্ত বন্ধ থাকা ট্রেন গুলো ফের চালানোর উদ্যোগ নেওয়া হবে। পুরুলিয়া রেল স্টেশনের আরপিএফের পরিষেবা চাক্ষুষ করেন এবং তাঁরা খুশি হন। পাঁচ হাজার টাকা পুরস্কার হিসেবে পুরুলিয়া আর পি এফ পোষ্টকে তুলে দেন বোর্ডের পাঁচ সদস্যের দল।

