রেল টেকা ও ডহর ছেঁকা চলছে পশ্চিম মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের খেমাশুলিতে রেল টেকা (রেল অবরোধ) ও সেই সঙ্গে ডহর ছেঁকা (ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ) শুরু হয়েছে সকাল থেকে। এসটি তালিকাভুক্ত করার দাবিতে ছোটনাগপুর কুড়মি ও মাহাত সমাজের পক্ষ থেকে আজ ২০ সেপ্টেম্বর সড়ক অবরোধ (ডহর ছেঁকা) এবং রেল অবরোধের ডাক( রেল টেকা) দেওয়া হয়েছে। অবরোধ চলছে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর–টাটা শাখায়।

অবরোধকারীদের বক্তব্য, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কুড়মি সমাজের বহু মানুষ শহিদ হয়েছেন। তা সত্ত্বেও ব্রিটিশ আমলে আদিবাসী কুড়মি জাতি ১৯৩১সাল পর্যন্ত ST তালিকাভুক্ত ছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫০ সালে আদিবাসী কুড়মি জাতিকে ST তালিকা থেকে বাদ দেওয়া হয়। তারপর থেকে প্রায় ৭০ বছরের বেশি সময় ধরে কুড়মি জনজাতি এসটি তালিকাভুক্ত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনও কুড়মি জনজাতিকে ST তালিকাভুক্ত করার কোনও উদ্যোগ নেয়নি কোনও সরকার। তাই আজ ২০ সেপ্টেম্বর খেমাশুলিতে রেল ও পথ অবরোধে সামিল হয়েছেন ছোটনাগপুর কুড়মি, মাহাত সমাজের পক্ষ থেকে সর্বস্তরের মানুষ। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এছাড়া তাদের আরও দাবি,
১).কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপসিলের অন্তর্ভুক্ত করতে হবে।
২).সারনা ধর্মের সরকারী কোড চালু করতে হবে।

আজকের এই অবরোধের ফলে দক্ষিণ পূর্ব রেলের ঝাড়গ্রাম–টাটা শাখায় রেল চলাচল ব্যাহত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *