স্কুলের পোশাকের রং বদল করার প্রতিবাদে ফের আন্দোলন জলপাইগুড়ি শহরে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২০ সেপ্টেম্বর: স্কুলের পোশাকের রং বদল করার প্রতিবাদে ফের সরব জলপাইগুড়ি শহর। শহরের সেন্ট্রাল গার্লস প্রাথমিক স্কুল, জেলা স্কুলের পর এবার ফনীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা আন্দোলনে নামলো মঙ্গলবার। স্কুলের পোশাকের রং বদলের বিরোধিতা করে স্কুলের গেটের সামনে এবং বড় পোস্ট অফিস মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান অভিভাবক ও প্রাক্তনীরা।

অভিভাবকদের দাবি, জোর করে রাজ্য সরকার স্কুলের প্রাথমিকের ছাত্রদের ব্যাগে নীল – সাদা পোশাক ঢুকিয়ে দিচ্ছে। তাদের বক্তব্য, স্কুলের ঐতিহ্যবাহী পোশাক খার্কি রংয়ের প্যান্ট ও সাদা জামা পরেই পড়ুয়ারা স্কুলে আসবে। বাধা দিলে আন্দোলন বৃহত্তর আকার নেবে।

এদিন সকালে স্কুলের গেটের সামনেও বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানা ও ট্র‍্যাফিক পুলিশ বাহিনী।

এদিকে বড় পোস্ট অফিস মোড়ের মত গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন সকলে। অভিভাবক অরিন্দম ঘোষ বলেন, “পোশাক হল পুরোনো ঐতিহ্য। সেটা জোর করে নীল সাদা করা হচ্ছে। এর প্রতিবাদে আন্দোলন চলছে।” জলপাইগুড়ি প্রাক্তনী সম্মিলনী তরফে সৌভিক কুন্ডা বলেন,”আমরা এর আগে একাধিক বার আন্দোলন ও স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু কাজ হয়নি। এখন সব স্কুলে স্কুলে স্কুলের পোশাক পরিবর্তন করার প্রতিবাদ চলছে। আরও বৃহত্তর আন্দোলন হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *