আমাদের ভারত, ২৫ জুলাই: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘন্টা পরেই বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। দেশের নতুন শিক্ষা মন্ত্রী হলেন প্রহ্লাদ যোশি। শনিবার বিকেলে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গৃহীত হয়। তার ইস্তফা গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার কয়েক ঘণ্টার মধ্যেই প্রহ্লাদ যোশিকে দেশের নতুন শিক্ষা মন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে তিনি কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণ বন্টন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন।
প্রসঙ্গত, নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে গত এক মাসের বেশি সময় ধরে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল রাজধানী। দিল্লির যন্তর- মন্তর চত্বরে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি। আজ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে, ৩৬ দিন পর সেই আন্দোলন প্রত্যাহার করেছে দেশের অগণিত পড়ুয়া ও সিজেপি।
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সিজেপির আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল বিরোধী দলনেতারাও। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে ককরোচ জনতা পার্টির মুখপাত্ররা।
শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং- এর সঙ্গে তৃতীয় দফার বৈঠক ছিল ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের। যদিও এই বৈঠকের আগেই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপরই কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে তৃতীয়বার বৈঠকে যোগ দেন ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাংকার।
সিজেপির তরফে ঘোষণা করা হয়েছে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর ইস্তফার পাশাপাশি মূল তিনটি দাবি পূরণ করেছে কেন্দ্র সরকার। দিল্লি সহ গোটা দেশে যত পড়ুয়ার বিরুদ্ধে আন্দোলন করার জন্য মামলা হয়েছে সেইসব মামলা তুলে নেওয়া এবং প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর সেসব ছাত্র-ছাত্রীরা আত্মহত্যা করেছেন, তাদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা আর্থিক সাহায্য দিতে হবে। সিজেপির এই তিন দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীরা। এরপর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি। যন্তর- মন্তর চত্বর থেকে সব আন্দোলনকারীদের ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

