“পুরুলিয়ার কারখানাগুলি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ঘাটতি রয়েছে”, উদ্বেগ বিধানসভার পরিবেশ, বন ও পর্যটন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির

সাথী দাস, পুরুলিয়া, ২৮ জুন: পুরুলিয়া ও বাঁকুড়া জেলার পর্যটনে উন্নত পরিকাঠামো প্রয়োজন। এছাড়া পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা পালন করছে না কারখানাগুলো। রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তাদের ঘাটতি রয়েছে। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আলোচনা করল বিধানসভার স্থায়ী কমিটি।

পুরুলিয়া সার্কিট হাউসের সভা কক্ষে রাজ্য বিধানসভার পরিবেশ, বন ও পর্যটন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেযারম্যান সহ ৭ সদস্য আজ বৈঠক করলেন। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের জেলা আধিকারিকদের নিয়ে ওই বৈঠকে পুরুলিয়া জেলার বনদফতরের খুঁটিনাটি বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তাঁরা। বৈঠকে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী সন্ধ্যা রানি টুডু ও সভাধিপতি সুজয় ব্যানার্জিকে পাশে নিয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সওকত মোল্লা বলেন, “কল কারখানাগুলো ঠিক মতো রক্ষণাবেক্ষণ করছে না। ফলে দূষণ ছড়াচ্ছে।”

বুধবার, রঘুনাথপুর শিল্পতালুক পরিদর্শন করবেন। ওই দিন সেখানকার স্পঞ্জ আয়রন কারখানা ঘুরে দেখবেন ওই কমিটির সদস্যরা। খতিয়ে দেখবেন দূষণ নিয়ন্ত্রন যন্ত্রের হাল হকিকত। এই সংক্রান্ত রিপোর্ট বিধানসভায় জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে। স্ট্যান্ডিং কমিটির সদস্যেরা কারখানা কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দেবে বলে জানা গিয়েছে। এক সদস্য জানান, দূষণ নিয়ন্ত্রণের জন্য শুধু যন্ত্র চালালেই হবে না। প্রতি বছর কারখানা সংলগ্ন এলাকায় গাছ লাগাতে হবে।

স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জানান, কোনও অভিযোগের ভিত্তিতে নয়, তাঁরা নিয়মমাফিক পরিদর্শনে যাবেন।

আজকের বৈঠকে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রকে শিল্পের তকমা দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক মানের গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মত প্রকাশ করা হয় স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে। কাশীপুর রাজবাড়িকে ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ার জন্য রাজবাড়ি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *