দলের নীতি নিয়ে প্রশ্ন তুললেন পুরুলিয়া শহর তৃণমূল যুব সভাপতি

সাথী দাস, পুরুলিয়া, ৮ ফেব্রুয়ারি: কালই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। অথচ, পুর ভোটে তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে না পারায় উদ্ভট পরিস্থতি তৈরি হল। বিদ্রোহী হলেন শহর তৃণমূল যুব সভাপতি গৌরব সিং। দলের কাজকর্ম নিয়ে বড় প্রশ্ন তুলে মনোনয়নপত্র তুলে নেন। বিক্ষোভের সুরে তিনি বলেন, বিজেপি যেখানে যুবদের অগ্রাধিকার দিয়ে ভোটে প্রার্থী করছে সেখানে তৃণমূল যুব সমাজ নিয়েই ভাবেনি। এমন দলের পদাধিকারী হয়েও কেউ ভোট নিয়ে কোনও আলোচনা করেনি, যা দুর্ভাগ্যজনক।

শেষ পর্যন্ত তৃণমূল ঘোষিত প্রার্থী বদল করছেই। দলীয় প্রতীক নিয়েই মনোনয়ন জমা দিলেন পুরুলিয়া পুরসভার প্রার্থী তালিকায় নাম না থাকা প্রাক্তন উপ পৌরপ্রধান বৈদ্যনাথ মন্ডল। ১৯ নম্বর ওয়ার্ডের ঘোষিত তৃণমূল প্রার্থী সত্য বাউরি নাম তুলে নেওয়ায় তৃণমূল বৈদ্যনাথকে প্রার্থী করল। অন্যদিকে, ৭ নম্বর ওয়ার্ডে ঘোষিত মৌসুমী ঘোষ না দাঁড়ানোয় সেখানে ঘাস ফুল প্রতীকের প্রার্থী হলেন দূর্বা দত্ত। মৌসুমী ঘোষ ৬ নম্বর ওয়ার্ডে তাঁর সাজানো বাগান থেকেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন।

সাজানো বাগান ছেড়ে যেতে রাজি নয়। বার বার দলকে জানিয়েও কোনো লাভ হয়নি। ফলে নির্দল হয়ে মনোনয়নপত্র জমা করলেন পুরুলিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলার মৌসুমী ঘোষ। পাশাপাশি পুরুলিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস দলের টিকিট পেয়েও নির্বাচনে লড়তে না চেয়ে দলের কাছে লিখিত আবেদন করায় তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থী করা হল পুরুলিয়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বৈদ্যনাথ মন্ডলকে। আজ এই দুই ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়নপত্র জমা করলেন। এছাড়াও ৬ নম্বর ওয়ার্ডে নতুন প্রার্থী করা হয় দূর্বা দত্তকে। ফলে মৌসুমী দত্ত তৃণমূলের কাছে গুরুত্বহীন হয়ে পড়লেন। পাশাপাশি শাসকদলের টিকিট না পেয়ে একাধিক ওয়ার্ডে বিক্ষুব্ধ প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ফলে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। পুরুলিয়া পৌরসভার ১০, ১২, ৩ ছাড়াও একাধিক ওয়ার্ডে বিক্ষুব্ধরা জমা করলেন মনোনয়নপত্র।

১০ নং ওয়ার্ডের দলের যুব সভাপতি গৌরব সিং মনোনয়নপত্র তোলেন। তিনি দলের বিরুদ্ধ বিস্ফোরক বক্তব্য রাখেন। বলেন, অন্যান্য দলের কাছে তৃণমূলকে শিক্ষা নেওয়া উচিত। অন্যান্য দল যেভাবে যুবদেরকে তালিকায় জায়গা দিয়েছে তৃণমূল সেই জায়গায় যুবদের কোনো গুরুত্ব দেয়নি।

১২ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জ্যোতির্ময় ব্যানার্জির ওয়ার্ডেই বিক্ষুব্ধদের সংখ্যা বেশী। এই ওয়ার্ডে ২ জন তৃণমূল কংগ্রেস কর্মী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে একজন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিমান সরকার। অন্য জন প্রাক্তন কাউন্সিলার প্রয়াত সম্পু কর্মকারের স্ত্রী রুমকি কর্মকার। এছাড়াও প্রাক্তন ২ বারের কাউন্সিলার দেবাশীষ চ্যাটার্জিকে এবারে দল টিকিট দেয়নি। তিনিও মনোনয়নপত্র জমা করেছেন। শাসক দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব না মিটলে বোর্ড দখল করা কার্যত অসম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *