আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২ অক্টোবর: উত্তর প্রদেশে দলিত সম্প্রদায়ের তরুণীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঐ পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব। তাদেরকে যোগীর রাজ্যের পুলিশ হেনস্থা করে, ঢুকতে দেওয়া হয়নি ঐ এলাকায়। সেই ঘটনার পাশাপাশি কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস। পোড়ান হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুতুল।
প্রদেশ কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন বিকেল চারটে নাগাদ গড়িয়া মোড়ে বিজেপির কৃষক বিরোধী আইন বাতিলের দাবিতে এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং বিরোধী দলনেতা অধীর চৌধুরীরা উত্তর প্রদেশের হাথরাসে নিপীড়িত মৃত যুবতী মনীষী বাল্মিকীর পরিবারের সাথে দেখা করতে গেলে পুলিশ দ্বারা নিগৃহীত এবং লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস কমিটি ২ এর পক্ষ থেকে এদিন মিছিল হয়। পাশাপাশি গড়িয়া মোড় অবরোধ করে পথসভা এবং নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয় কংগ্রেসের তরফ থেকে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি জয়ন্ত দাস সহ জেলা কংগ্রেসের নেতা অসিতলাল নাগ, দীপক বিশ্বাস, অশোক গাঙ্গুলি, সুমন্ত মুখার্জি, বিকাশ দত্ত, মৃত্যুঞ্জয় নস্কর, জগন্নাথ কুমির এবং অন্যান্য নেতৃবৃন্দ।

