চিকিৎসার গাফিলতিতে রোগীর প্রাণ যাওয়ায় বিক্ষোভ বাগদা গ্রামীণ হাসপাতালে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ এপ্রিল: চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু। চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানালো মৃতের পরিবার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা গ্রামীণ হাসপাতালে। মৃতের নাম স্মৃতি বিশ্বাস (২৮)। বাগদার হরিহরপুরের বাসিন্দা। অভিযোগ, অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর জরুরি বিভাগে ছিল না কোনো চিকিৎসক। প্রায় আধঘন্টা জরুরি বিভাগেই পড়ে ছিল অসুস্থ রোগী। এরপরই তাঁর মৃত্যু হয়। পরিবারে পক্ষ থেকে ব্লক স্বাস্থ্য আধিকারিরের কাছে লিখিত অভিযোগ জানানো হয়।

মৃতের পরিবার সূত্রের খবর, এদিন সকালে হরিহরপুরের বাসিন্দা স্মৃতি বিশ্বাসের পেটে ব্যথা, মাথাঘোরা ও বারবার জ্ঞান হারাছিল। এই অবস্থায় তাঁকে বাগদা হাসপাতালে নিয়ে যায় তার প্রতিবেশীরা। পরিবারের অভিযোগ, অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর জরুরি বিভাগে ছিল না কোনো চিকিৎসক। দীর্ঘ আধঘন্টা ধরে পড়েছিল জরুরি বিভাগের বেডে। কোনো ডাক্তার আসেনি। প্রায় আধঘন্টা পর এক নার্স এসে দেখে। ততক্ষণে সব শেষ। অভিযোগ, চিকিৎসক দেরিতে আসার কারণেই বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে রোগীর। পরিবারের পক্ষ থেকে বিএমওএইচের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মৃত স্মৃতি বিশ্বাসের ভাই শ্রীবাস বিশ্বাস বলেন, আমার বোনকে অসুস্থ অবস্থায় বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দীর্ঘক্ষণ না দেখার কারণেই তার মৃত্যু হয়েছে। আমি প্রশাসনের কাছে আবেদন জানাবো সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অভিযোগ পেয়ে মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত ব্লক স্বাস্থ্য আধিকারিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাগদার রণঘাট পঞ্চায়েতের প্রধান গণেশ রায় বলেন, আমার পঞ্চায়েত এলাকায় রোগীর বাড়ি। খবর পেয়ে হাসপাতালে আসি। এমন ঘটনা হওয়া উচিৎ ছিল না। তবে কেন কোনো চিকিৎসক হাসপাতলে ছিল না তা তদন্ত করার জন্য স্বাস্থ্য দফতরে জানিয়েছি। অবশ্য যদি চিকিৎসার গাফিলতি থাকে শান্তি তাঁর হবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *