সাথী দাস, পুরুলিয়া, ১ মে: রাজ্যে আংশিক লকডাউনের জেরে বিপাকে পড়লেন পুরুলিয়ার রেস্তোরাঁ মালিকরা। সরকারের হঠাৎ এই সিদ্ধান্তে দিশেহারা শহরের বিভিন্ন মালিকসহ কর্মীরা। এই অবস্থায় কিভাবে ব্যবসা টিকিয়ে রাখবেন তা বুঝে উঠতে পারছেন না তাঁরা।
করোনা সংক্ৰমন রুখতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাজ্যের শপিং মল, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্টুরেন্ট, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা, সুইমিং পুল বন্ধ রাখার সিধান্ত নেয় রাজ্য সরকার। শুক্রবার নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দেওয়া হয়।

শুক্রবার রাজ্যের এই সিধান্তে কার্যত বিপাকে পড়েছেন পুরুলিয়ার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টের মালিকরা। সরকার সিধান্ত ঘোষণা করলেও এই ব্যবসার সঙ্গে যুক্ত কর্মীদের কর্মসংস্থান কী হবে তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। যদিও সরকারের তরফে ‘হোম ডেলিভারি’ তে ছাড় থাকায় কিছুটা স্বস্তিতে তাঁরা। তাই ব্যবসায় ক্ষতি হলেও কর্মীদের বাঁচিয়ে রাখতে হোম ডেলিভারির উপর বেশি জোর দেওয়ার কথা জানান ব্যবসায়ীরা।
তবে সেই ব্যবসা কতটা লাভজনক হবে সেটা নিয়ে ধন্দে রেস্তোরাঁর মালিকারা। এই ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা পেলে উপকৃত হতেন এই ব্যবসায় যুক্ত ব্যবসায়ী সহ কর্মীরা।


