রাজেন রায়, কলকাতা, ১ মে: করোনার থাবায় আরও বিপর্যস্ত হয়ে পড়ল রেল পরিষেবা। পূর্ব রেলের ৭৫০ কর্মী ও হাওড়া ডিভিশনের ৫৫০ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণ বৃদ্ধির কারণে কিছু কিছু ক্ষেত্রে যাত্রীসংখ্যা হ্রাস পেয়েছে। এই পরিস্থিতিতে একাধিক ট্রেন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
শিয়ালদা ডিভিশনের ৫৪ জোড়া লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে। এছাড়া আগামী সোমবার থেকে বেশকিছু স্বল্প দূরত্বের ট্রেন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি, পূর্ব রেলের ১২০০ জনের বেশি কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র শিয়ালদা ডিভিশনেরই ৭৫০ জন রেলকর্মী করোনা আক্রান্ত। এই কারণে রেল পরিষেবা কাটছাঁট করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকাল ট্রেন বাতিল করে দেওয়ার পাশাপাশি বেশ কিছু স্বল্প দূরত্বের ট্রেনও বাতিল করে দেওয়া হচ্ছে আগামী সোমবার থেকে। সেদিন মালদা নবদ্বীপ ধাম স্পেশাল ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে। মঙ্গলবার থেকে আরও একাধিক ট্রেন বাতিল করা হবে। যার মধ্যে আছে নবদ্বীপ ধাম মালদা স্পেশাল, হাওড়া বোলপুর, বোলপুর হাওড়া, শিয়ালদা আসানসোল, আসানসোল শিয়ালদা, হাওড়া সিউড়ি, সিউড়ি হাওড়া, দিঘা আসানসোল, আসানসোল দিঘা, আসানসোল টাটা, টাটা আসানসোল স্পেশালের মতো বহু স্বল্প দূরত্বের ট্রেন। হাওড়ার ১৬টি প্যাসেঞ্জার ট্রেন, ১৯ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হল। মেট্রোর ট্রেনের সংখ্যাও কমে এসেছে চলতি সপ্তাহে। তবে এখনও পর্যন্ত দূরপাল্লার ট্রেন স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

