আমাদের ভারত, বীরভূম, ৭ আগস্ট: জনগণনা, স্বাস্থ্য, গ্রামীণ কর্মসংস্থান, আর্থিক অন্তর্ভুক্তি, প্রধানমন্ত্রী সূর্য ঘর ও ভিবি জি রাম জি আইন নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে কর্মশালার আয়োজন করা হয় সিউড়িতে। শিবিরে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পশ্চিমাঞ্চল ডিরেক্টর জেনারেল টি ভি কে রেড্ডি।

প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন দুধকুমার মণ্ডল। অনুষ্ঠানে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভব্রত ঘোষ আয়ুষ্মান ভারত প্রকল্পে ই-কেওয়াইসি জমা দিয়ে কার্ড তৈরি, আয়ুষ্মান কার্ড বিতরণ, আয়ুষ্মান সপ্তাহ পালন, ১৫ বছরের কিশোরীদের এইচ পি ডি টিকাকরণ, আভা কার্ডের মাধ্যমে স্বাস্থ্যের নথি ডিজিটাল সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। ভিবি জি রাম জির উপর মূল্যবান বক্তব্য রাখেন বীরভূম ডিভিসনাল নোডাল অফিসার শুভজিত জানা। প্রধানমন্ত্রী সূর্য ঘর অর্থাৎ সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুতের ব্যবহার এবং আর্থিক সঞ্চয়ের উপর বক্তব্য রাখেন ডব্ল বি এস ই ডি সি এলের বীরভূম জেলা এস ই ও রিজিওনাল ম্যানেজার পরিমল সরকার। গ্রামীণ কর্মসংস্থান, আর্থিক অন্তর্ভুক্তির উপর কিভাবে ব্যাঙ্ক ঋণ পাওয়া যায় তার উপর জোর দেন ইউকো ব্যাঙ্কের ম্যানেজার নীরোজ কুমার।

অনুষ্ঠান শেষে প্রেস ইনফরমেশন ব্যুরোর মাধ্যমে সংবাদ মাধ্যম কিভাবে উপকৃত হবে তার উপর গুরুত্ব আরোপ করা হয়। পিআইবির কলকাতা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শ্রীজিতা সাহা সাহু পি আই বির অয়েব সাইট থেকে কিভাবে প্রতিদিনের সংবাদ সংগ্রহ করা যাবে তার উপর হাতে কলমে প্রশিক্ষণ দেন।

