আমাদের ভারত, হাওড়া, ৩০ মার্চ: মাস খানেক আগে উলুবেড়িয়ায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেইমত প্রস্তুতিও শুরু হয়েছিল উলুবেড়িয়ায়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী না আসায় হতাশ হয়েছিলেন বিজেপি নেতা থেকে কর্মীরা। যদিও সেই সময় রাজ্য নেতৃত্ব বিজেপি কর্মীদের আশ্বস্ত করেছিলেন বিজেপির হেভিওয়েট নেতা উলুবেড়িয়ায় আসবেন। আর সেইমত উলুবেড়িয়ায় নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বৃহস্পতিবার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের মধুবাটী গ্রামে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভার আগে চূড়ান্ত প্রস্ততি শুরু হয়েছে মধুবাটী গ্রামে। ১৬ নং জাতীয় সড়কের পাশে সুদৃশ্য তোরণ বানানোর পাশাপাশি গোটা এলাকা বিজেপির পতাকায় সাজিয়ে তোলা হয়েছে। অন্যদিকে যেখানে প্রধানমন্ত্রী জনসভা করবেন সেই জায়গায় তাঁবু খাটানোর পাশাপাশি সভাস্থলের অদূরে তিনটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। সূত্রের খবর, বিশেষ কপ্টারে প্রধানমন্ত্রী নামার পর গাড়িতে করে সভাস্থলে পৌছাবেন।

অন্যদিকে মঙ্গলবার সকাল থেকেই জোরকদমে প্রস্ততি শুরু হয়েছে সভাস্থলে। ইতিমধ্যে গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। মঙ্গলবার দুপুরে কপ্টারের ট্রায়াল রানও শেষ হয়েছে। এছাড়াও যে সমস্ত বিজেপি নেতা সভামঞ্চের নির্দিষ্ট জায়গায় থাকবেন এদিন তাদের করোনা পরীক্ষা করা হয়। বিজেপির দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার মথুরাপুরে জনসভা করার পর বিকেল ৪টে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উলুবেড়িয়ায় সভা করবেন।

