লক্ষাধিক টাকা তছরুপের দায়ে দাসপুরে পোস্ট মাস্টার গ্রেপ্তার

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুন: গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে শুক্রবার রাতে দাসপুরের পলাশপাই ডাকঘরের পোস্ট মাস্টারকে পুলিশ গ্রেফতার করেছে। পোস্টমাস্টার মহানন্দ মাইতিকে তার পলাশপাই সংলগ্ন আজুড়িয়া গ্রাম থেকে দাসপুর থানার পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মহানন্দকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে ঘাটাল আদালতে তোলা হয়।
 
আজুড়িয়া গ্রামের গ্রাহক আরতী পাল, ফুলটুসি দাস, দিপালী দাস সহ অন্যান্যদের অভিযোগ, আট বছর আগে থেকে পলাশপাই ডাকঘরে তারা নিয়মিত টাকা জমা দিতেন। কিন্তু মহানন্দ মাইতি সেই টাকা তাদের ডাকঘরের খাতায় জমা না দিয়ে রোজভ্যালি নামে একটি চিটফাণ্ডে জমা করতেন। তিন বছর পর সেই টাকা তুলতে গেলে পোস্ট মাস্টার গ্রাহকদের ২০১৯ সালের আগে টাকা তোলা যাবে না বলে জানাতেন। কিন্তু তারপরও টাকা না পেয়ে গ্রাহকরা প্রতারণার বিষয়টি সাব পোস্ট অফিসে জানান। সেকেন্ডারি পোস্ট অফিস বিষয়টি খতিয়ে দেখে জানায়, গ্রাহকদের টাকা ডাকঘরে জমাই পড়েনি।

গ্রাহক আরতী পাল জানান, এরপরেও তারা টাকা ফেরত পাওয়ার আশায় বেশ কয়েকবার মহানন্দ মাইতির সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তিনি টাকা দেওয়া তো দূরের কথা, উল্টে তার স্ত্রী চম্পা পাইকার মাইতিকে দিয়ে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। শেষমেষ সবাই মিলে দাসপুর থানায় লিখিত অভিযোগ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *