আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৬ মার্চ:
উত্তর ২৪ পরগনার অশোক নগর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বদলের দাবিতে বেশ কয়েকটি জায়গায় পড়ল হাতে লেখা পোস্টার। তৃণমূল কংগ্রেস অশোক নগরে তৃতীয় বারের জন্য প্রার্থী করেছে স্থানীয় তৃণমূল নেতা ধীমান রায়কে। তবে অশোক নগরের দলীয় কর্মীদের একাংশের পছন্দ নয় প্রার্থী ধীমানবাবু। দলীয় কর্মীরা ভোট প্রচার ও দেওয়াল লিখনে উৎসাহ হারিয়ে ফেলছে বলে দাবি অশোক নগরের তৃণমূল কর্মীদের একাংশের।

এবছর দলের কর্মীরা নেতৃত্বের কাছে দাবি করেছিলেন অন্য কাউকে প্রার্থী করা হোক অশোক নগরে। তবে দল ধীমান রায়ের উপর আস্থা দেখিয়েছে। অশোক নগরের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে ফাঁকা দেওয়াল, কোথাও শুধুমাত্র আঁকা হয়েছে দলীয় প্রতীক। প্রার্থীর নাম লেখা হয়নি। প্রার্থী নিয়ে অসন্তোষের কথা মানছেন দলীয় কর্মী থেকে অশোকনগরের স্থানীয় তৃণমূল নেতারা।

যদিও তৃণমূল প্রার্থী ধীমান রায় তাঁর বিরুদ্ধে দলীয় কর্মীদের ক্ষোভের কথা মানতে নারাজ। তিনি জানান, “কে কোথায় কি বলছে, সেটা নিয়ে মাথা ব্যাথা নেই। ওসব বিরোধীদের চক্রান্ত। গত ১০ বছরে এমন কোন কাজ করিনি যে আমার বিরুদ্ধে ক্ষোভ থাকবে।” তৃণমূল প্রার্থী ধীমান রায় যাই বলুন, তাঁকে নিয়ে দলের একাংশের চাপা ক্ষোভ ভোট বাক্সে যে প্রভাব ফেলবে তা মানছে রাজনৈতিক মহল।


