বারাণসীর ঘাট সনাতন সংস্কৃতির প্রতীক, অহিন্দুদের সেখানে প্রবেশ নিষিদ্ধ‌, হুঁশিয়ারি দিয়ে পোস্টার বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের

আমাদের ভারত, ৭ জানুয়ারি: বারাণসীর ঘাটে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ‌। এই মর্মে একাধিক পোস্টার পড়েছে ঘাট সংলগ্ন দেওয়াল সহ বেনারসের অন্যান্য জায়গায়। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল এই পোস্টটার দিয়েছে, যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে।

কেন এই ধরনের পোস্টের তারা দিলেন? তার উত্তরে, বজরং দলের বারাণসী শাখার প্রধান নিখিল ত্রিপাঠী রুদ্র জানান, এই ঘাটগুলিকে অনেকেই পিকনিক স্পট মনে করেন। তাদের কড়া বার্তা দিতেই এই পোস্টার। তাঁর কথায়, “গঙ্গানদী আমাদের মা। যারা গঙ্গার ঘাটগুলিকে পিকনিক স্পট বলে মনে করেন তাদের দূরে রাখার জন্যই এই পোস্টার। তাদের এটা বোঝানোর দরকার যে এটা পিকনিক স্পট নয়, সনাতন সংস্কৃতির প্রতীক।”

একই সুরে বিশ্ব হিন্দু পরিষদের বারানসীর সম্পাদক রঞ্জন গুপ্ত বলেন, যারা সনাতন ধর্মকে শ্রদ্ধা দেখাতে এখানে আসবেন তাদের স্বাগত। তিনি বলেছেন, “যাদের মনে সনাতন ধর্মের প্রতি কোনো আস্থা নেই তাদের মন্দির ও গঙ্গার ঘাটে আসার কোনো অধিকার নেই। পোস্টারের সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, “এটা কোনও রকম অনুরোধ নয়, বরং সতর্কবার্তা।

স্বাভাবিকভাবেই গঙ্গাঘাটে এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বারাণসীর ঘাটে সারা বছর ধরে বিপুল পরিমাণে পর্যটক ও পুণ্যার্থীরা আসা-যাওয়া করেন। এদের মধ্যে একটা বড় অংশই বিদেশি পর্যটক। বিদেশি এবং ভিন রাজ্যের মানুষের আনাগোনায় গঙ্গার ঘাট সরগরম হয়ে থাকে। কিন্তু হিন্দুত্ববাদীদের অভিযোগ, ঘাটে বসে অনেককেই ধূমপান করতে দেখা গেছে। তাদের কথায় ঘাটে বসে ধূমপানের বিরোধিতা আমরা করেছি। এবার পোস্টার লাগিয়ে সরাসরি সতর্ক করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *