পুরুলিয়ায় ডিজের বিরুদ্ধে সজাগ পুলিশ, শব্দ দূষণের অভিযোগে গ্রেফতার ৩

সাথী দাস, পুরুলিয়া, ১ ফেব্রুয়ারি: ডিজে বাজিয়ে শব্দ দূষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুরুলিয়ার মফঃস্বল থানার পুলিশ। ধৃতদের বাড়ি ওই থানা এলাকারই শ্যামপুর গ্রামে। বৃহস্পতিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে হাজির করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার সন্ধ্যায় শ্যামপুর গ্রামে সরস্বতী পুজোর বিসর্জন চলছিল। ডিজে বক্স বাজিয়ে শোভাযাত্রায় নাচতে নাচতে যাচ্ছিলেন এলাকার এক দল যুবক। ডিজের প্রচণ্ড শব্দে অজ্ঞান হয়ে পড়ে স্থানীয় বছর পনেরোর প্রতিমা মাহাতো। মেয়ের অবস্থা দেখে ডিজে বন্ধের জন্য স্থানীয় ক্লাবে ছুটে গিয়েছিলেন মা ললিতা মাহাতো। তিনি মেয়ের অসুস্থতার কারণ জানিয়ে কাতরভাবে ডিজে বন্ধ করার আবেদন করেছিলেন। নিরাশ হয়ে বাড়ি ফিরে আসতে হয় তাকে। ঘটনার কথা শুনে পুরুলিয়ার মফঃস্বল থানায় খবর দিয়েছিলেন পুরুলিয়ার যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধুসূদন মাহাতো। তার পর সেখানে পুলিশ গিয়ে ডিজে বন্ধ করে দেয়। এতে আক্রোশ জন্মায় ওই পরিবারের উপর। মঙ্গলবার ললিতার বাড়িতে একদল যুবক চড়াও হয় বলে অভিযোগ। মহিলার কাছে তাদের দাবি, ডিজের বুকিং বাবদ ৭ হাজার টাকা খরচ হয়েছে। সেটা দিতে হবে ওই মহিলাকেই। এটা শোনার পরই যুক্তিবাদী সমিতি লিখিত অভিযোগ করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। তার পরই পুরুলিয়ার মফঃস্বল থানার পুলিশ ওই গ্রাম থেকে তিন জনকে গ্রেফতার করে।

যুবকদের শাসানিতে আতঙ্কে থাকা বধূ ললিতা বলেন, “আমার মেয়ে অসুস্থ। গত বছরও সরস্বতী পুজোর সময় ডিজের উৎপাতে ও অজ্ঞান হয়ে পড়েছিল। এখনও চিকিৎসা চলছে।” তিনি আরও জানান, “আমার কাছে ৭ হাজার টাকা চাইছিল ওরা। আমাদের হুমকি দেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *