নির্বাচন পরবর্তী হিংসায় কোচবিহারে ৬ বিজেপি কর্মী হত্যার পরেও মামলা করেনি পুলিশ, অভিযোগ বিজেপির

আমাদের ভারত, কোচবিহার, ২০ জুলাই: নির্বাচন-পরবর্তী হিংসায় কোচবিহারে ৬ জন বিজেপি কর্মী খুন হলেও পুলিশ কোনও খুনের মামলা দায়ের করেনি এই অভিযোগ করলেন কোচবিহার জেলার বিজেপি সভানেত্রী তথা তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়।

তাঁর অভিযোগ পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেস যা বলছে প্রশাসন সেই ভাবেই কাজ করছে। এর প্রতিবাদে আন্দোলনে নামার হুমকি দিয়েছে বিজেপি। বিজেপির আরও অভিযোগ, এখনো ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরার ব্যবস্থা করছে না প্রশাসন। আজ কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে বিজেপি সভানেত্রী ঘরছাড়াদের ঘরে ফেরানো এবং সন্ত্রাস বন্ধের দাবি করেন। তাঁর অভিযোগ, জাতীয় মানবাধিকার কমিশন কোচবিহারে এলেও প্রশাসনের পক্ষ থেকে যেসব এলাকায় বেশি সন্ত্রাস হয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়নি। তবে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেন তিনি। এখনো বিজেপি কর্মীদের অভিযোগ নেওয়া হচ্ছে না, ৬০০ এর বেশি পরিবার এখনো জেলায় ঘরছাড়া বলে দাবি করেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী, বিজেপির কোচবিহার জেলার অবজারভার দ্বীপেন প্রামানিক প্রমূখ। আগামীকাল শহীদদের স্মরণে কোচবিহারে শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করবে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *