পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন: গত ১৮ জুন কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহকে বিডিও অফিসের ভেতরে মারধরের অভিযোগ তুলেছিল বিজেপি। মঙ্গলবার তার প্রতিবাদে বিক্ষোভ অবস্থান করে বিজেপি। এদিন কেশিয়াড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাজ্য সড়কের ওপর অবস্থান বিক্ষোভে বসে দলের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল।

এদিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বচসা হয় বিজেপি নেত্রীর। মৌমিতা সিংহকে মারধরে অভিযুক্ত রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা কল্পনা শিটকে গ্রেফতারের দাবি তোলা হয়। পুলিশ অবস্থান তুলতে গেলে বাধে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা, এরপর তা রীতিমতো হাতাহাতিতে পরিণত হয়।


