ট্রাক্টর মিছিল বানচাল করতে ৪ কৃষক নেতাকে খুনের ছক, মুখোশ পড়া ষড়যন্ত্রকারীকে পুলিশের হাতে তুলে দিল কৃষকরা

আমাদের ভারত, ২৩ জানুয়ারি: ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর মিছিল তথা কৃষক আন্দোলন বানচাল করতে ৪ কৃষক নেতাদের খুনের ছক কষ হয়েছিল। এমনই বিস্ফোরক দাবি করেছেন সীমান্তে আন্দোলনরত কৃষকরা। তাদের অভিযোগ এক মুখোশধারী ছক কষেছিল ৪ কৃষক নেতাকে খুন করার। যদিও সেই মুখোশ ধারী জানিয়েছে তার সাথে আরো ১০ জন ছিল এই কাজটি করার জন্য। ওই মুখোশধারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ট্রাক্টর মিছিল বানচাল করতেই ষড়যন্ত্র’ করা হয়েছিল। শুক্রবার এই দাবিতে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেন আন্দোলনরত কৃষকরা। কৃষক নেতাদের দাবি কৃষক বিদ্রোহ বানচাল করতে বিভিন্ন এজেন্সির চেষ্টা চালাচ্ছে। তারা আরোও অভিযোগ করেছেন ওই মুখোশধারী ও তার সাথীদের হুমকি দেওয়া হয়েছে যে যদি কোনো তথ্য তারা ফাঁস করে দেয় তাহলে তাদের পরিবারের সদস্যদের খুন করা হবে।”

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অভিযুক্ত মুখোশধারী জানায়, “২৬ জানুয়ারির আগেই কৃষক আন্দোলন থামিয়ে দিতে চেয়েছিলাম আমরা। না থামলেও আমাদের পরিকল্পনা ছিল প্রথমে শুন্যে গুলি ছোড়া। অন্যদিকে আমাদের দলের অন্য সঙ্গীরা তখন পিছন থেকে গুলি ছুড়বে যাতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকরা ভাবেন কৃষকরা তাদের উদ্দেশ্যে গুলি চালাচ্ছে।”

২ মহিলা সহ তারা মোট ১০জন রয়েছে বলে জানিয়েছেন মুখোশধারী। এরপরই তার বিস্ফোরক স্বীকারোক্তি,” আমাদের দলকে এখানে দুই জায়গায় অস্ত্র দেওয়া হয়েছে। পরিকল্পনা ছিল ২৬ জানুয়ারির মিছিলের সময় আমাদের দলের অর্ধেক সদস্য পুলিশের পোশাকে উপস্থিত থাকবে। আন্দোলনকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করবে তারা। এর পাশাপাশি আমাদেরকে চারজনের ছবি দেওয়া হয়েছিল যারা মঞ্চে উপস্থিত থাকবেন। তাদেরকে গুলি করতে হবে। আমাদের যিনি নির্দেশ দিয়েছিলেন তিনি একজন পুলিশ। আমরা টাকার জন্য কাজ করছিলাম এই পরিকল্পনা সফল করতে আমাদেরকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল সকলকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *