আমাদের ভারত, কলকাতা, ২৬ জুলাই: খোদ কলকাতা শহরের মানুষই খাবার জল পান না! এটা কোনও রাজনৈতিক দলের অভিযোগ নয়, এই খবর জানিয়েছে কলকাতা পুলিশ। এই অসহায় মানুষগুলোর জন্য শেষ পর্যন্ত পুলিশই জলের ব্যবস্থা করেছে। এই খবর কলকাতা পুলিশের নিজস্ব পোর্টালে জানানো হয়েছে। আর বিজেপি নেতা দেবদত্ত মাজি তা টুইট করে তীব্র কটাক্ষ করেছেন।
কলকাতা পুলিশের ওয়েব পোর্টাল থেকে জানা গেছে, মাঝের হাট এলাকায় রয়েছে মৌবস্তি। মাজেরহাট স্টেশনের কাছেই এই বস্তিতে ১৭০ জন মানুষের বাস। এলাকাটি তারাতলা থানার মধ্যে অবস্থিত। মূলত দরিদ্র শ্রমিক পরিবারের বাস। এই মৌবস্তির বেশিরভাগ মানুষ মধু বিক্রি করে সংসার চালান। অভাব-অনটন তাদের নিত্যসঙ্গী। এরসঙ্গে রয়েছে পানীয় জলের সমস্যা। বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার হেঁটে তাদের পানীয় জল আনতে হয়। খোদ রাজধানী কলকাতায় বাস করেও এভাবেই তাদের পানীয় জলের সমস্যার মধ্যে কাটাতে হত।
ঘটনাচক্রে এই সমস্যা নজরে আসে কলকাতা পুলিশের সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ডের ওসি, ইন্সপেক্টর প্রসেনজিৎ চ্যাটার্জি এবং কমিউনিটি পুলিশিং শাখার ওসি ইন্সপেক্টর মানস ঝা’র। এর পরেই পুলিশের পক্ষ থেকে ওই বস্তিতে পানীয় জলের একটি ট্যাঙ্ক বসানো হয়েছে, যার ফলে স্বস্তি পেয়েছেন এলাকার ১৭০জন মানুষ।

পুলিশের পোর্টালে জানানো হয়েছে মৌবস্তির ১৭০ জন বাসিন্দার জন্য পানীয় জলের ব্যবস্থা করে তারা খুশি এবং সেই আনন্দ এই মুহূর্তে সকলের সঙ্গে ভাগ করে নিলেন।
এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা দেবদত্ত মাজি। তিনি পুলিশের পোর্টালের এই খবরের স্ক্রিনশট সহ টুইট করেছেন। দেবদত্তবাবু বিষ্ময় প্রকাশ করে লিখেছেন, কলকাতাতেও পানীয় জলের জন্য মানুষকে দেড় কিলোমিটার হাঁটতে হয়! এই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা তুলে ধরার জন্য কলকাতা পুলিশ’কে ধন্যবাদ। তাঁর বক্তব্য, ৩৪ বছরের বাম শাসন এবং তৃণমূলের ১০ বছরের শানের ব্যর্থতাই এই ঘটনা তুলে ধরে। বেঁচে থাকার জন্য অসহায় এবং পিছিয়ে পড়া মানুষকে তাদের প্রাথমিক প্রয়োজন পানীয় জলের জন্য এখনও অপেক্ষা করতে হচ্ছে।
Walk 1.5 Kms for Drinking Water, that too in Kolkata !
Thanks to @KolkataPolice for highlighting the apathy of 34 years of CPIM & 10 years of TMC Misrule & Failure. The story of hapless & downtrodden Kolkatans still waiting for their basic minimum necessity of Drinking Water. pic.twitter.com/73ePYKgYtJ
— Devdutta Maji (President of SinghaBahini). (@MajiDevDutta) July 25, 2021

