আমাদের ভারত, ৯ মার্চ: পাকিস্তান যতই ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়াক দুঃসময়ে ভারত তাদের নাগরিকদের সাহায্য করা থেকে কখনোই পিছিয়ে যায়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রেও এমন দৃশ্য আবার দেখা গেল। সেখানে এক পাকিস্তানী তরুণীকে নিরাপদে ইউক্রেন থেকে বের হতে ভারতীয় দূতাবাস সাহায্য করেছে। এরজন্য ওই পাকিস্তানী তরুণী নিজে একটি ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছে ভারতীয় দূতাবাস ও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে।
ভিডিওটিতে পাকিস্তানি তরুণী বলছে, “আমার নাম আসমা শফিক। আমি একজন পাকিস্তানের নাগরিক। আমি কিয়েভের ভারতীয় দূতাবাস ও ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি নিরাপদে কিয়েভ থেকে বের হতে পেরেছি। ওরাই আমাকে নিরাপদে কিয়েভ থেকে বের হতে সাহায্য করেছে।” বার বার আসমা কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাকে নিরাপদে উদ্ধার করার জন্য। জানা গেছে ভারতীয় আধিকারিকরা আসমাকে যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার করে পশ্চিম ইউক্রেনে পাঠানোর ব্যবস্থা করেছিল।
#WATCH | Pakistan's Asma Shafique thanks the Indian embassy in Kyiv and Prime Minister Modi for evacuating her.
Shas been rescued by Indian authorities and is enroute to Western #Ukraine for further evacuation out of the country. She will be reunited with her family soon:Sources pic.twitter.com/9hiBWGKvNp
— ANI (@ANI) March 9, 2022
ভারত সরকার ইউক্রেনে আটকে পড়া ভারতের নাগরিকদের উদ্ধারের জন্য অপারেশন গঙ্গা অভিযান চালাচ্ছে। এখনো পর্যন্ত কয়েক হাজার ভারতীয় নাগরিককে উদ্ধার করে এনেছে সরকার। দিন কয়েক আগে ইউক্রেনের রাজধানীতে আটকে পড়া এক ভারতীয় পড়ুয়া নিজের প্রাণ বাঁচানোর সাথে এক পাকিস্তানী তরুণীকেও রোমানিয়া সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করেছিলেন।
অবশ্য এই প্রথম কোনও বিদেশি নাগরিককে ভারত উদ্ধার করল তেমনটা নয়। এর আগে ভারত একজন বাংলাদেশী নাগরিককে ফিরিয়ে আনে। ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছিল একজন নেপালি নাগরিকও অপারেশন গঙ্গায় ভারতীয় বিমানে দেশে ফিরবেন। দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, রোশান ঝা হলেন প্রথম নেপালি নাগরিক যাকে ভারতীয় কর্তৃপক্ষ ইউক্রেন থেকে উদ্ধার করে দেশে ফিরিয়েছে। ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে নেপাল সরকার। পরে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস জানায়, পোল্যান্ড থেকে ৭ জন নেপালিকে ফিরিয়ে আনছে ভারত সরকার।
মঙ্গলবার ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে ইউক্রেনের সুমি থেকে সমস্ত ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনা হয়েছে। ইউক্রেনে প্রতিবেশী দেশগুলির সহায়তায় ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য অপারেশন গঙ্গার মাধ্যমে এখনো পর্যন্ত ১৮ হাজার ভারতীয়কে বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার ৪১০ জন ভারতীয়কে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলো থেকে বিশেষ বিমানে মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে।

