চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনটি সরকারি হাসপাতালে ঘুরেও মেলেনি চিকিৎসা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ মার্চ: প্রায় ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসা পাওয়ার আশায় পর পর তিনটি সরকারি হাসপাতালে ঘুরেও মেলেনি চিকিৎসা। চিকিৎসা না পাওয়ার কারণে অবশেষে চারদিন বাদে মৃত্যু হল পথ দুর্ঘটনায় আহত এক বৃদ্ধের। গত চারদিন আগে শান্তিপুর বাথানগাছি বাজার সংলগ্ন এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শান্তিপুরের গোয়ালপাড়া খেজুরতলা এলাকার সুকুমার বিশ্বাস নামে এক বৃদ্ধ বাজার করে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক তখনই সামনের দিক দিয়ে আসা একটি লরি তাকে ধাক্কা মারে, ওই বৃদ্ধ মাটিতে পড়ে যাওয়ায় লরির চাকা তার পায়ের উপর দিয়ে চলে যায়। যদিও ঘটনাস্থল থেকে লরিটিকে আটক করে শান্তিপুর থানার পুলিশ। এরপর ওই বৃদ্ধকে পরিবারের লোকজন শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে ওই বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে। পরিবারের অভিযোগ, সেখানে সিট কম থাকার কারণে ভর্তি নেয়নি হাসপাতাল। এরপর তাঁরা ওই বৃদ্ধকে নিয়ে কল্যাণীর জেএনএম হাসপাতালে যায় সেখানেও একই কারণে ওই বৃদ্ধকে ভর্তি নেওয়া হয়নি। এরপর প্রতিবেশীদের কাছ থেকে অর্থ ধার করে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় ওই
বৃদ্ধকে। কিন্তু ওই বৃদ্ধের অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় অর্থের অভাবে ওই নার্সিংহোম থেকে ওই
বৃদ্ধকে পরিবারের লোকজন নিয়ে যায় আবারও শক্তিনগর হাসপাতালে। গতকাল রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় বৃদ্ধর। এখন পরিবারের অভিযোগ, চিকিৎসা না পাওয়ার কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। সঠিক সময়ে চিকিৎসা পেলে হয়তো ওই বৃদ্ধের মৃত্যু হতো না। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এলাকাবাসীদের দাবি, ওই বৃদ্ধের পরিবার খুবই দরিদ্র, তার স্ত্রী শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে পারে না, এখন ওই বৃদ্ধের পরিবারকে কে একবেলা অন্ন জোগাড় করে দেবে। এখন তারা প্রশাসনের কাছে একটাই দাবি করছেন, প্রশাসন যেন ওই বৃদ্ধের পরিবারকে একটু হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে হয়তো বেঁচে যাবে ওই বৃদ্ধের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *