আমাদের ভারত, ২৫ আগস্ট: পাক শাসক দলের এক নেত্রী দাবি করেছেন, কাশ্মীর দখল করতে তালিবানরা পাকিস্তানকে সার্বিক ভাবে সাহায্য করবে। তাঁর দাবি, আফগানিস্থান দখলে ইসলামাবাদ তালিবানদের সাহায্য করেছে বলেই তার বিনিময় তালিবানরা কাশ্মীর দখল করে পাকিস্তানের হাতে তুলে দেবে।
পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই ইনসাফের নেত্রীর নিলম ইরশাদ শেখের এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। পাকিস্তানের একটি টিভি চ্যানেল আয়োজিত একটি বিতর্ক সভায় যোগ দিয়ে মঙ্গলবার নিলম বলেন, “তালিবান বলেছে ওরা আমাদের পাশে আছে এবং কাশ্মীরের মুক্তির লড়াইয়ে আমাদের সাহায্য করবে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই প্রত্যক্ষভাবে আফগান তালিবানকে সাহায্য করেছে বলেও দাবি করেছেন তিনি।”
পাকিস্তানের ওই টিভি চ্যানেলের সঞ্চালক নিলমকে জিজ্ঞেস করেন, তালিবানের কোনও নেতার সঙ্গে কি তাঁর কথা হয়েছে? স্টুডিওতে বসে তিনি যা বলছেন তার গুরুত্ব আঁচ করতে পারছেন না। এই অনুষ্ঠান সম্প্রচার হলেই নিলমের মন্তব্য ছড়িয়ে পড়বে। ভারতীয় সংবাদমাধ্যম এই বিষয়টি নিয়ে সরব হবে। কিন্তু নিজের মন্তব্যে অবিচল থেকে নিলাম আবার বলেন, “তালিবানরা জানিয়েছে, কাশ্মীরের জনতার সঙ্গে ভারত খারাপ আচরণ করেছে তাই ওরা ভারতের হাত থেকে কাশ্মীর মুক্ত করার লড়াইয়ে পাকিস্তানের পাশে থাকবে।”
আমেরিকার প্রাক্তন পাক হাইকমিশনারের তথা রাজনীতিক হোসেন হাক্কানী নেট মাধ্যমে নিলাম শেখের বক্তব্য এবং সঙ্গে হতাশার ইমোজি পোস্ট করেছেন। তালিবানের প্রতি নৈতিক সমর্থন জানালেও ইমরান সরকার বা পাকসেনা তালিবানকে সামরিক মদতের কথা স্বীকার করেনি।
গত ১৫ আগস্ট তালিবান জঙ্গিরা কাবুল দখলের পর ইমরান বলেছিলেন, “এতদিন পরে দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলল আফগান জনতা।” তবু তিনি সরাসরি তালিবানের নাম করেননি। কিন্তু তার দলের নেত্রী নিলামের মন্তব্য পাক সরকারের অস্বস্তি বাড়ালো।

