মুখ্যমন্ত্রীর পায়ে যন্ত্রণা, রক্তে সোডিয়ামের মাত্রা কম, ২-৩ দিন থাকবেন পর্যবেক্ষণে

রাজেন রায়, কলকাতা, ১১মার্চ: প্রত্যক্ষদর্শীরা বলছেন মুখ্যমন্ত্রী গাড়ির দরজা খুলতে যাওয়ায় তা একটি স্তম্ভে ধাক্কা খেয়ে ফের মুখ্যমন্ত্রী পায়ে ধাক্কা মারে। মুখ্যমন্ত্রী বলছেন বেশ কয়েকজন জন মিলে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, গাড়ির দরজায় ধাক্কা লেগে তার পায়ে চোট লেগেছে। ঘটনা নিয়ে হাজার প্রশ্ন বা বিতর্ক থাকলেও এসএসকেএমের মুখ্যমন্ত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করে মুখ্যমন্ত্রীর পায়ে প্লাস্টার করার পাশাপাশি রক্তে সোডিয়ামের মাত্রাও কম পেলেন চিকিৎসকরা। আপাতত তাঁকে থাকতে হবে ২-৩ দিন হাসপাতালের পর্যবেক্ষণেই।

বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রীর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও কিছু রেডিওলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তবে ইতিমধ্যে মমতার ৮ রকমের রক্ত পরীক্ষা করা হয়েছে বলেও খবর। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার দিকে নজর রাখার জন্য ৫ থেকে বাড়িয়ে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে এসএসকেএম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। তাঁরা মমতার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করছেন। এদিন দুপুরের মেডিক্যাল বুলেটিনে চিকিৎসকরা জানিয়েছেন, মমতার বাঁ পায়ের গোড়ালি ও বাঁ পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ইতিমধ্যে প্লাস্টার করা হয়েছে। তবে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তাঁর পায়ে। তাই আরও কয়েকদিন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে থাকতে হতে পারে বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা।

মেডিক্যাল বুলেটিনে আরও জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর মাথাব্যথা রয়েছে। বুকেও ব্যথা রয়েছে তাঁর। এগুলি ‘পোস্ট ট্রমাটিক এফেক্ট’ কি না তা জানতে লাগাতার নানান পরীক্ষা করা হচ্ছে। এসএসকেএমের অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায় ছাড়াও তিন বিভাগীয় প্রধান ও আরও পাঁচ বিশেষজ্ঞ রয়েছেন মেডিক্যাল বোর্ডে। রাখা হয়েছে অর্থোপেডিক, নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, কার্ডিওলজি, জেনারেল সার্জারি, এন্ডোক্রিনোলজি, জেনারেল মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞদের। দিনভর মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখছেন চিকিৎসকরা। পরিস্থিতি অনুযায়ী সেই মতো ব্যবস্থা নেওয়া হবে‌। আপাতত রাজ্য প্রশাসন নির্বাচন সমস্ত দায়িত্ব ভুলে মুখ্যমন্ত্রীকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *