আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৭ জুলাই: এক শপিং মলের একাধিক শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ২৪ ঘণ্টা চলার জেরে সমস্যায় পড়েছেন জলপাইগুড়ির কদমতলা কৃষ্ণভাটিকা আবাসনের শতাধিক বাসিন্দা। একাধিকবার লিখিতভাবে সমস্যার কথা তুলে ধরে অভিযোগ জানানোর পরেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। দ্রুত সমস্যা সমাধানের দাবি তুলে রবিবার শপিং মল বন্ধ করে আন্দোলনে সামিল হলেন আবাসনের বাসিন্দারা। যতক্ষণ না সমস্যার সমাধান হবে ততক্ষণ আন্দোলন চলবে বলে দাবি আন্দোলনকারীদের।

যদিও শপিং মলের কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা জলপাইগুড়ির বাসিন্দাদের। তারমধ্যে ২৪ ঘণ্টা একাধিক শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র চালানো হচ্ছে শহরের কদমতলার এক শপিং মলে। এমনকি শপিং মলের ভিতরে নিশাকি ব্যবস্থাও অচল ও এলাকার নোংরা আবর্জনারও সমস্যা রয়েছে। আর এর জেরে মশার উপদ্রব ও জল জমে থাকছে বলে অভিযোগ। গতবছর থেকে কয়েকবার সমস্যার কথা তুলে ধরা হয় শপিং মল কর্তৃপক্ষকে বলে দাবি। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ম্যানেজার কিছুদিন পর পর বদল হচ্ছেন এর জেরে সমস্যা আরও বাড়ছে বলে অভিযোগ।

এ দিন আবাসনের মহিলা ও পুরুষ বাসিন্দারা এক জোট হয়ে শপিং মল কর্তৃপক্ষের খামখেয়ালির বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনে নামলেন। এ দিন সকালে মলের কর্মীরা এসে ফিরে যান আন্দোলনের জেরে।
আবাসনের বাসিন্দা চিকিৎসক শঙ্খ শুভ্র রায় বলেন, “একদিকে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের আওয়াজ ও তার উপর তীব্র গরমে নাজেহাল অবস্থা আমাদের৷ আমরা চাই এই সমস্যার সমাধান করা হোক।”
আবাসনের সভাপতি প্রকাশ রায় বলেন, “তীব্র গরম জলপাইগুড়ি শহরে। এরই মধ্যে শপিং মলের কারণে সমস্যা। আমাদের দাবি, সমস্যার সমাধান করা হোক৷ এই দাবিতে আন্দোলনে চলছে। যতক্ষণ না আমাদের দাবি পূরণের আশ্বাস লিখিতভাবে জানানো হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”
এদিকে শপিং মলের কর্তৃপক্ষরা আন্দোলনের জেরে ঘটনাস্থল থেকে চলে গিয়েছেন।

