বনধ আর প্রাকৃতিক দুর্যোগের জোড়া ফলায় ধনদেবীর আরাধনায় যথেষ্ট বিপাকে সাধারণ মানুষ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৯ অক্টোবর: বনধ আর প্রাকৃতিক দুর্যোগের জোড়া ফলায় সমস্যা লক্ষ্মীপূজার আয়োজনে। লাগাতার বৃষ্টিতে মুখ ভার ক্রেতা ও বিক্রেতাদের। ধনদেবীর পুজোর দিনে মাথায় হাত ব্যবসায়ীদের। বৃষ্টির ও বনধের জেরে তীব্র সমস্যায় সাধারন মানুষ।

একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে বিজেপির ডাকে ধর্মঘট উপর দিনাজপুরে। সব মিলিয়ে নাজেহাল উত্তর দিনাজপুরের লক্ষ্মী পুজোয় ব্রতী হওয়া সাধারন মানুষ ও লক্ষ্মী প্রতিমা বিক্রেতারা। সোমবার মাঝরাত থেকে জেলাজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি থামার নাম নেই মঙ্গলবার দুপুরেও। তার ওপর বিজেপির যুব নেতা খুনের প্রতিবাদে মঙ্গলবার জেলায় সকাল ৬ টা থেকে দুপুর ২ পর্যন্ত ৮ ঘন্টার বনধ। যদিও বিজেপি লক্ষ্মী পুজোর বাজারের জন্যই তাদের বনধের সময়সীমা কমিয়ে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত, ৮ ঘন্টা করা হয়েছে বলে জানিয়েছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু দুইয়ের জোড়া ফলায় নাজেহাল লক্ষ্মী পুজোয় ব্রতী মানুষরা বলেই জানাচ্ছেন তারা।

বৃষ্টির জেরে সকাল থেকে সাধারণ মানুষ বাইরে বের হতে পারছেন না। আবার দোকানীরাও অনেকে সকালে দোকান খুলতে পারেননি। চড়া দাম হাকিয়ে সেই কম দোকান খোলার সমস্যাকে কাজে লাগিয়েছেন খোলা দোকানীদের একাংশ। প্রতিমা শিল্পীরা জানিয়েছেন তাদের বাজারও মাটি। এমত অবস্থায় ধনদেবীর আরাধনায় যে যথেষ্টই বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *