আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ সেপ্টেম্বর: ইউপিআই পেমেন্ট নিয়ে সাধারণ ক্রেতাদের কোনও চাপ পড়বে না বলে মন্তব্য করেন মন্ত্রী দিলীপ ঘোষ। আজ ওন্দায় অন্নপূর্ণা সম্বর্ধনা পদযাত্রায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠান সরকারকে পেমেন্ট দেবে, এক্ষেত্রে সাধারণ ক্রেতাদের কোনও চাপ পড়বে না বলে মন্তব্য করেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ।
এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, কোনোও অ্যান্টি সোশ্যাল ছাড়া পাবে না। সম্প্রতি মাওবাদী নেতা গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, সবার বিচার হবে, এক সময় সিপিএম নেতা হত্যা হয়েছে, তারও বিচার হচ্ছে, মাওবাদীদেরও বিচার হবে।
স্থানীয় বিধায়ক অমরনাথ শাখার উদ্যোগে আয়োজিত এদিন এক বিশাল সাফল্য কর্মসূচির সাক্ষী থাকল বাঁকুড়ার ওন্দা। ওন্দা হাসপাতাল মোড় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত একটি বর্ণাঢ্য মিছিল ও ‘অন্নপূর্ণা সম্বর্ধনা পদযাত্রা’ আয়োজিত হয়। এই মিছিলে সাধারণ মানুষের ভিড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।এদিনের এই বিশেষ কর্মসূচিতে প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট বিজেপি নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ। এই মিছিল শেষে আয়োজিত একটি সভা থেকে তিনি সুর চড়ান রাজ্যের আইন- শৃঙ্খলা এবং নারী নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে।সাম্প্রতিক সময়ের নারকীয় আরজি কর হাসপাতালের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে দিলীপ ঘোষ বলেন, বাংলায় মা- বোনেদের কোনো নিরাপত্তা ছিল না।

আর জি কর- এর মতো ঘটনা প্রমাণ করে দিয়েছে যে এই রাজ্যের চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে সাধারণ কর্মক্ষেত্র কোথাও মহিলারা সুরক্ষিত নন। তিনি অভিযোগ করেন, সরকার অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার চেয়ে গোটা ঘটনাটি ধামাচাপা দিতেই বেশি ব্যস্ত। এর পাশাপাশি, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিজেপি সরকার সবসময় মা- বোনেদের পাশে দাঁড়িয়েছে এবং তাঁদের স্বনির্ভর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আজকের এই পদযাত্রায় বিধায়ক অমরনাথ শাখা সহ জেলা ও স্থানীয় স্তরের বহু বিজেপি নেতৃত্ব ও কর্মী- সমর্থক উপস্থিত ছিলেন। সমগ্র মিছিলকে কেন্দ্র করে গোটা ওন্দা এলাকায় বিজেপি নেতা- কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

