আমাদের ভারত, ১ আগস্ট: বাদল অধিবেশনের শুরু থেকেই কখনো পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি আবার কখনো পেগাসাস বিতর্কে বারবার অচলাবস্থা তৈরি হয়েছে সংসদে। বিরোধীদের চরম বিরোধিতায় স্থগিত হয়ে গেছে অধিবেশন। আর সেই কারণেই বিপুল ক্ষতি হচ্ছে দেশের করদাতাদের। এমনটাই দাবি সরকার পক্ষের। সংসদের এই অচলাবস্থার কারণে দেশের করদাতাদের ১৩৩ কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও দাবি করা হচ্ছে।
লোকসভা রাজ্যসভায় বারবার অধিবেশন মুলতবি হয়ে যাওয়ার কারণে কাজ–ই হয়নি। লোকসভায় কাজ হওয়ার কথা ছিল ৫৪ ঘন্টা সেখানে মাত্র ৭ ঘন্টা হয়েছে। রাজ্যসভায় কাজ হওয়ার কথা ছিলো ৫৩ ঘন্টা সেখানে ১১ঘণ্টা হয়েছে। অর্থাৎ ১০৭ ঘণ্টার মধ্যে মাত্র ১৮ ঘণ্টা সংসদে কাজ হয়েছে। বাকি সময়টা নষ্ট হয়েছে অচলাবস্থার কারণে। অভিযোগ উঠেছে, সংসদের এই অচলাবস্থার কারণে করদাতাদের ক্ষতি হয়েছে ১৩৩ কোটি টাকা।
বাদল অধিবেশনের প্রথম দিনে প্রধানমন্ত্রীকে কথাই বলতে দেওয়া হয়নি। বিরোধীদের চিৎকার চেঁচামেচিতে কিছুই বলতে পারেননি প্রধানমন্ত্রী। এমনকি নতুন মন্ত্রীদের সংসদের পরিচয় করিয়ে দিতে পারেননি। তিনি এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। মোদী বারবার বলেছেন গুরুত্বপূর্ণ একাধিক বিষয় নিয়ে সংসদে আলোচনা করতে দেওয়া হচ্ছে না। সংসদের এই অচলাবস্থায় আসলে দেশের ক্ষতি করা হচ্ছে।
সম্প্রতি একাধিক বিষয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। সংসদের অধিবেশনেও তার প্রতিফলন স্পষ্ট হয়েছে। এরই মাঝেই দাবি করা হল সংসদের অচলাবস্থার কারণে করদাতাদের বিপুল অঙ্কের টাকা ক্ষতি হয়েছে।

