জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ মার্চ: পশ্চিমবঙ্গে ৮ দফা ভোট ঘোষণার পর রাজ্যের বিভিন্ন সীমান্তে শুরু হয়েছে নাকা তল্লাশি। বাংলা ও ওড়িশা সীমান্তে পুলিশের নাকা তল্লাশিতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সীমান্ত এলাকায় সোনাকনিয়াতে নাকা তল্লাশি চলাকালীন একটি প্রাইভেট গাড়িতে আপত্তিকর কিছু বস্তু রয়েছে বলে সন্দেহ করে তল্লাশিরত পুলিশ। এই সন্দেহে তল্লাশি চালাতে গেলে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ঐ ব্যক্তিরা। পরে জাতীয় সড়কে ধাওয়া করে তাদের আটক করার পর গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কুইন্টাল গাঁজা উদ্ধার হয়। গাড়িতে থাকা চালক সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ জানতে পেরেছে ওড়িশার গঞ্জাম এলাকা থেকে গাঁজা নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে পাচার করা হচ্ছিল। পুলিশ ধৃতদের আজ মেদিনীপুর জেলা দায়রা আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন।


