গোপীবল্লভপুরে জায়গা জনিত সমস্যার জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত প্রতিবেশীর

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৯ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে চলা জায়গা সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীর ভোজালির কোপে গুরতর আহত গোপীবল্লভপুরের এক ব্যক্তি।আহত ব্যক্তিকে প্রথমে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা আহত ব্যক্তিকে ঝাড়গ্ৰাম জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর বাজারের অদূরে বাঘসাই গ্রামে।

আহত ব্যক্তির নাম গুহিরাম সিং, বয়স আনুমানিক ৫০ বছর। আহত ব্যক্তি গুহিরাম সিংয়ের ছেলে বিশ্বজিৎ সিংয়ের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিবেশী একাদশী সিংয়ের পরিবারের সঙ্গে একটি জায়গা সংক্রান্ত বিবাদ চলছিল। তার মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে কোনও ঝামেলা না হওয়া সত্ত্বেও বাবা গুহিরাম সিং পাড়ার একটি জায়গায় বসে থাকার সময় হঠাৎ করে পিছন থেকে একাদশী সিং ছুরি দিয়ে তাকে আঘাত করে।

জানাগেছে, একাদশী সিংয়ের ছুরির আঘাতে গুহিরাম সিং গুরুতর আহত হওয়ায় প্রতিবেশী এবং পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে গোপীবল্লভপুর থানায় খবর দিলে পুলিশ গুরুতর আহত অবস্থায় গুহিরামকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার আরও অবনতি হওয়ায় চিকিৎসকরা দ্রুত তাকে ঝাড়গ্ৰাম জেলা হাসপাতালে স্থানান্তর করে।

ঘটনায় পর গোপীবল্লভপুরের শান্ত এলাকা বাঘসাই একেবারে থমথমে হয়ে গেছে। কারণ এই এলাকায় এর আগে এভাবে প্রতিবেশীদের মধ্যে ঝামেলা কখনো ঘটেনি, কিন্তু এদিন হঠাৎ করে ছুরি মারার মত ঘটনায় একপ্রকার স্তম্ভিত এলাকার মানুষজন।তবে কারও কারও মতে অভিযুক্ত এদিন সকাল থেকে সম্ভবত মদ্যপ অবস্থায় ছিল যার জন্য হয়তো পুরনো পারিবারিক রাগের বসে ঘটনাটি ঘটিয়েছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি গোপীবল্লভপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *