আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: সোমবার সাত সকালেই বিশালদেহী দাঁতাল হাতি রামলালের তাণ্ডব প্রত্যক্ষ করল শালবনির বাসিন্দারা। জঙ্গল থেকে বেরিয়ে খাবারের খোঁজে পিড়াকাটার রঞ্জার জঙ্গলের ভেতরে রাস্তাতে একের পর এক মালবাহী গাড়ি দাঁড় করিয়ে খাবার লুট শুরু করে হাতিটি। সকাল আটটা থেকে এই তান্ডব প্রত্যক্ষ করলেন রঞ্জা এলাকার বাসিন্দারা।
গত চারদিন ধরেই মেদিনীপুর সদর ও শালবনির জঙ্গলে রামলাল নামের এই দলছুট হাতিটি একের পর এক এলাকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সদ্য ঝাড়গ্রাম থেকে দুই ব্যক্তিকে খুন করে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করেছে সে। প্রবেশের দিনই একের পর এক বাড়ি ভেঙে খাবার খেয়েছিল হাতিটি। সোমবার সকালে জঙ্গল থেকে বেরিয়ে বিভিন্ন গাড়ির কাঁচ ও বিভিন্ন অংশ ভেঙ্গে খাবারের বস্তা নামিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে সে খেতে থাকে। রঞ্জার ভেতর দিয়ে শুরু ওই পিচ রাস্তায় পালাবার অন্য পথ না পেয়ে বিশাল ওই হাতির সামনে আত্মসমর্পণ করতে হয় বিভিন্ন গাড়ির চালকদের। গাড়ি দাঁড় করিয়ে প্রায় আধঘন্টা ধরে এই তান্ডব চালায় হাতিটি। বেশ কয়েকটি রেশনের গাড়ি আটকে চালের বস্তা নামিয়ে চাল খেয়েছে সে।
ঘটনার খবর পেয়ে বনদপ্তর সেখানে হাজির হয়। অনেক পরে তাকে সেখান থেকে সরাতে তারা সক্ষম হয়। তবে ঘটনার জেরে পুনরায় আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। যে কোনো সময় খাবারের খোঁজে লোকালয় কিংবা লোকজনের উপর হামলার আশঙ্কা থাকছেই। জঙ্গলের ভেতরে ওই রাস্তা গুলিতে পথচারী ও বিভিন্ন বাহন চালকদের সতর্ক করেছে মেদিনীপুর বন বিভাগ।

